বিশেষ প্রতিনিধি, শ্রীমঙ্গলের সময়: ১৮ অক্টোবার ২০২৬ ১০:৫৬ পি.এম
প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ছবি: সংগ্রহীত
অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে তুমুল আলোচনার জন্ম দেওয়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জন উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে তাঁর পদত্যাগের নির্দেশের খবর নিয়ে যখন তোলপাড় চলছে, তখন এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন প্রতিমন্ত্রী। তিনি সবাইকে এই ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন।
সরকারি উচ্চপর্যায়ের কিছু সূত্রের বরাতে জানা যায়, রোববার বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে ডেকে পাঠান এবং তাঁকে পদত্যাগের নির্দেশনা দেন। তবে সরকারের দায়িত্বশীল কোনো কর্মকর্তা বা নীতিনির্ধারকদের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য কিংবা নিশ্চিত তথ্য দেওয়া হয়নি।
এই গুঞ্জনের সূত্রপাত মূলত গত শনিবারের একটি ঘটনাকে কেন্দ্র করে। রাজধানীর গেন্ডারিয়া এলাকায় নিজের লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র উঁচিয়ে দলবলসহ একটি মাদকবিরোধী অভিযানে যোগ দেন প্রতিমন্ত্রী। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে দেশজুড়ে নানা বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছাড়া একজন প্রতিমন্ত্রীর এভাবে অস্ত্র হাতে মাঠে নামার বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
উদ্ভূত পরিস্থিতির মধ্যেই আজ তাঁর পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এই বিষয়ে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো বিষয়টিই একটি রটনা এবং তিনি সবাইকে এসব খবরে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেছেন।
পদত্যাগের গুঞ্জন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন
বিতর্কিত অভিযানের জের: প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধান উপদেষ্টার পদত্যাগ ইস্যুতে যা বললেন পরিকল্পনা উপদেষ্টা।
উন্নত, সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ।
ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির পদ পেলেন সিফাত