শ্রীমঙ্গলের সময়

শ্রীমঙ্গলে পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয় পরিদর্শনে রুশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি

সিলেটের খবর · 2026-11-25T11:24:54.000000Z · প্রতিবেদক, শ্রীমঙ্গল


মৌলভীবাজারের রোটারি ক্লাব অব শ্রীমঙ্গল এবং ক্লাব পরিচালিত পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন ঢাকাস্থ রুশ দূতাবাসের (রাশিয়ান হাউস) ফার্স্ট সেক্রেটারি আলেকজান্দ্রা এ. খলিভেনকো (Alexandra A. Khlivenko)। পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ, ভর্তি প্রক্রিয়া ও সরকারি বৃত্তি সম্পর্কে বিস্তারিত তথ্য ও পরামর্শ প্রদান করেন।​বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের সভাপতি মশিউর রহমান রিপন। ক্লাবের সেক্রেটারি বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আফরোজ বেগম, রোটারিয়ান ডা. সত্যকাম চক্রবর্তী, রোটারিয়ান অধ্যাপক অবিনাশ আচার্য, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ইন্সট্রাক্টর মো. ফয়সাল হোসেন এবং বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার জাকির হোসেন।​শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে আলেকজান্দ্রা এ. খলিভেনকো বলেন, "ঢাকায় অবস্থিত রাশিয়ান হাউস রাশিয়া সরকারের সহযোগিতায় পরিচালিত একটি সাংস্কৃতিক ও শিক্ষাকেন্দ্র। বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।"​প্রতিষ্ঠানটির ইতিহাস ও কার্যক্রম তুলে ধরে তিনি আরও জানান, ১৯৭৪ সালে ‘সোভিয়েত কালচারাল সেন্টার’ হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়। এখানে নিয়মিত রুশ ভাষা শিক্ষা, সাংস্কৃতিক বিনিময়, সেমিনার ও কর্মশালার আয়োজন করা হয়। এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে দুই দেশের মধ্যে একাডেমিক ও বৈজ্ঞানিক সহযোগিতা বৃদ্ধিতেও প্রতিষ্ঠানটি ভূমিকা রাখছে।​রাশিয়ায় উচ্চশিক্ষার বিষয়ে তিনি বলেন, "রাশিয়ান হাউস বাংলাদেশি শিক্ষার্থীদের রাশিয়া সরকারের দেওয়া বিভিন্ন শিক্ষাবৃত্তি সম্পর্কে তথ্য প্রদান এবং বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদনের ক্ষেত্রে সরাসরি সহায়তা করে থাকে। বাংলাদেশের অসংখ্য শিক্ষার্থী প্রতি বছর এই সুযোগ গ্রহণ করছেন।" তিনি মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের শিক্ষার্থীদেরও এই বৃত্তির সুযোগ গ্রহণের আহ্বান জানান।​মতবিনিময় সভা শেষে তিনি বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষকদের সাথে পাঠদান কার্যক্রম নিয়ে কথা বলেন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত