দুই বেসরকারি হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা
সিলেটের খবর · 2026-11-25T12:53:48.000000Z · সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও হাসপাতালের কার্যক্রম পরিচালনা এবং মেডিক্যাল বর্জ্য যথাযথ নিয়মে সংরক্ষণ না করার দায়ে দুটি বেসরকারি হাসপাতালকে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে স্বাস্থ্যবিধি ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে একটি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে জেলা শহরের কুমারশীল মোড় এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম জানান, অভিযানে নিউ ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতাল এবং ট্রমা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। প্রতিষ্ঠান দুটির লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হলেও কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। এ ছাড়া হাসপাতাল দুটিতে মেডিক্যাল বর্জ্য যথাযথ নিয়মে সংরক্ষণ করা হচ্ছিল না।
এসব অনিয়মের দায়ে নিউ ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালকে ২ লাখ টাকা এবং ট্রমা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, একই অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় ‘ভাত ভর্তা হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউজ’ নামের একটি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং ভোক্তাদের অধিকার রক্ষায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।