গোপালগঞ্জ যাচ্ছে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস, ভোগান্তিতে ১১ স্টেশনের যাত্রী
সারাদেশ · 2026-11-19T15:47:21.000000Z · মোঃ সাইফুল ইসলাম
রাজশাহী থেকে গোপালগঞ্জগামী আন্তঃনগর ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনের চলাচল সীমিত করেছে বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে ট্রেনটি আর গোপালগঞ্জ পর্যন্ত চলাচল করবে না।রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত রাজবাড়ীর কালুখালী জংশনেই ট্রেনটির যাত্রা শেষ হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া বা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
রেল কর্তৃপক্ষের বক্তব্য
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম বলেন, “বর্তমান পরিস্থিতি বিবেচনায় টুঙ্গিপাড়া এক্সপ্রেস আপাতত গোপালগঞ্জ পর্যন্ত যাবে না। রাজশাহী থেকে ছেড়ে ট্রেনটি রাজবাড়ীর কালুখালী স্টেশন পর্যন্ত চলাচল করবে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় আগের নিয়মে গোপালগঞ্জ পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে।
ভোগান্তিতে ১১ স্টেশনের যাত্রীরা
রাজশাহী রেলস্টেশনের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানান, টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি কালুখালী থেকে গোপালগঞ্জের ওপর দিয়ে গোবরা পর্যন্ত মোট ১১টি স্টেশনে যাত্রাবিরতি করে। চলাচল সীমিত করায় এখন থেকে ওই ১১টি স্টেশনের যাত্রীদের কালুখালী জংশনেই নেমে যেতে হবে। একইভাবে রাজশাহীগামী যাত্রীদেরও কালুখালী জংশনে এসে ট্রেনে উঠতে হবে।
রেলওয়ের এই আকস্মিক সিদ্ধান্তের ফলে কালুখালী থেকে গোপালগঞ্জ ও গোবরা পর্যন্ত রেলপথের ১১টি স্টেশনের নিয়মিত যাত্রীদের যাতায়াতে সাময়িক ভোগান্তি তৈরি হয়েছে।