শ্রীমঙ্গলের সময়

ইমরান খানের বোন আলিমার মামলার রায় ঘোষণা ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

বিশ্ব · 2026-11-26T14:54:00.000000Z · ডেস্ক রিপোর্ট

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানের বিরুদ্ধে ২০২৪ সালের ২৬ নভেম্বরের বিক্ষোভের ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণার তারিখ আবারও পিছিয়েছে। রাওয়ালপিন্ডির একটি সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত রায় ঘোষণা মুলতবি করেছেন। এ নিয়ে ষষ্ঠবারের মতো রায় ঘোষণার তারিখ পেছানো হলো।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিচারক আমজাদ আলী শাহ কোনো পরবর্তী কার্যক্রম ছাড়াই রায় ঘোষণা স্থগিত করেন। এদিন আদালতে আলিমা খানের পক্ষে তাঁর আইনজীবী ফয়সাল মালিক উপস্থিত ছিলেন।

গত ২২ সেপ্টেম্বর আদালত মামলার রায় সংরক্ষিত রেখে ২৫ সেপ্টেম্বর তা ঘোষণার দিন ধার্য করেছিলেন। তবে বিচারক ছুটিতে থাকায় ওই দিন রায় ঘোষণা সম্ভব হয়নি। পরে ১ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করা হয়। এরপর কয়েক দফায় রায় ঘোষণার সময় পিছিয়ে সর্বশেষ ১৬ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

এর আগে আলিমার আইনজীবী অভিযোগ করেছিলেন, আসামিপক্ষের যুক্তিতর্ক না শুনেই আদালত রায় সংরক্ষিত রেখেছেন। আদালতে নিজের বক্তব্য উপস্থাপনের যথাযথ সুযোগ না পাওয়ার বিষয়েও আপত্তি জানিয়েছিলেন তিনি।

গত সেপ্টেম্বরে ইসলামাবাদ অভিমুখে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) একটি পদযাত্রার আগে জনশৃঙ্খলা রক্ষা অধ্যাদেশের ৩ ধারায় আলিমা খানকে আটক করা হয়। বর্তমানে তিনি লাহোরের কোট লাখপত কারাগারে বন্দী রয়েছেন।

২০২৪ সালের ২৬ নভেম্বরের বিক্ষোভকে কেন্দ্র করে মামলাটির সূত্রপাত। ওই সময় জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা ও লকডাউন উপেক্ষা করে ১০ হাজারের বেশি পিটিআই সমর্থক ইসলামাবাদে প্রবেশ করেন। তাঁদের অগ্রযাত্রা ঠেকাতে মোতায়েন করা প্রায় ২০ হাজার নিরাপত্তাকর্মীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়।

রাজধানীর রেড জোনে দিনভর সংঘর্ষের পর পিটিআই নেতৃত্ব পিছু হটে। পরে দলটির পক্ষ থেকে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

এরপর পাকিস্তান দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং সন্ত্রাসবিরোধী আইনের ৭ ধারায় পিটিআইয়ের কয়েকজন নেতার বিরুদ্ধে মামলা করা হয়। তক্ষশীলা থানায় দুটি এবং সাদিকাবাদ ও নাসিরাবাদ থানায় একটি করে মামলা নথিভুক্ত হয়। সাদিকাবাদ থানায় দায়ের করা মামলায় আলিমা খানসহ আরও ১০ জনকে আসামি করা হয়েছে।

সূত্র: ডন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত