শ্রীমঙ্গলের সময়

প্রধানমন্ত্রীর সফরের আগে কুষ্টিয়ায় প্রতিমন্ত্রী, পরিদর্শন করলেন জিকে খাল

সারাদেশ · 2026-11-24T13:53:30.000000Z · জেলা প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন কুষ্টিয়া সফরকে সামনে রেখে জেলায় জিকে খাল পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। খাল খনন ও পুনঃখননের মাধ্যমে সেচসুবিধা বাড়ানো এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফরকে সামনে রেখে জেলার বিভিন্ন উন্নয়ন কর্মসূচি পরিদর্শন করছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। এরই অংশ হিসেবে কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়িয়া এলাকায় জিকে খাল পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে তিনি খালটি পরিদর্শন করেন। এ সময় খাল খনন ও পুনঃখননের মাধ্যমে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী।

ফরহাদ হোসেন আজাদ বলেন, দীর্ঘদিন ধরে অনেক খাল ভরাট হয়ে গেছে এবং নাব্যতা হারিয়েছে। ফলে কৃষকেরা প্রয়োজনীয় সেচসুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এসব খাল খনন ও পুনঃখননের মাধ্যমে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা হবে। এতে কৃষিজমিতে সেচের পানির প্রাপ্যতা বাড়বে এবং কৃষি উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি আরও বলেন, খালগুলো পুনরুজ্জীবিত করা গেলে কৃষকদের সেচসংকট অনেকাংশে দূর হবে। পাশাপাশি বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি এবং কৃষি খাতে পানির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে।

খাল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহম্মেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা, উপবিভাগীয় প্রকৌশলী সিফাত আল সিয়াম এবং সহকারী প্রকৌশলী রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

প্রসঙ্গত, আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফরের কথা রয়েছে। সফরকালে তিনি খাল খনন কার্যক্রমের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এ উপলক্ষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা কুষ্টিয়া জেলা পরিদর্শন করছেন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত