শ্রীমঙ্গলের সময়

বিনা মূল্যে ছানি অস্ত্রোপচার, রোগীদের যাতায়াত ও থাকা-খাওয়ার খরচও দেবে কলমাকান্দা বিএনপি

রাজনীতি · 2026-10-19T12:11:50.000000Z · স্টাফ রিপোর্টার

চোখের ছানি অস্ত্রোপচার থেকে শুরু করে যাতায়াত, থাকা-খাওয়া—সব খরচ বিনা মূল্যে বহনের উদ্যোগ নিয়েছে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা বিএনপি। সোমবার (১৯ অক্টোবর) আয়োজিত বিনা মূল্যের চক্ষু শিবির পরিদর্শন করে এ সেবামূলক কার্যক্রমের কথা জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত চক্ষু শিবির পরিদর্শনে যান তিনি।

 পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কায়সার কামাল বলেন, এ ধরনের চিকিৎসা কার্যক্রমের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। তাঁরা কথার চেয়ে কাজে বিশ্বাস করেন। কায়সার কামাল বলেন, গত দুই বছর ধরে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। গত বছর কলমাকান্দা ও দুর্গাপুরে প্রায় দুই হাজার মানুষের চোখের ছানি বিনা মূল্যে অস্ত্রোপচার করা হয়। 

একই সময়ে প্রায় সাড়ে ছয় হাজার মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এবারও যাঁদের অস্ত্রোপচার প্রয়োজন, তাঁদের তালিকা তৈরি করা হচ্ছে। তিনি জানান, তালিকাভুক্ত রোগীদের কলমাকান্দা থেকে ময়মনসিংহে নিয়ে অস্ত্রোপচার করানো হবে। অস্ত্রোপচারের পর তাঁদের দুই থেকে তিন দিন সেখানে রাখার ব্যবস্থা করা হবে। এরপর নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হবে। পুরো প্রক্রিয়ার ব্যয় আয়োজকেরা বহন করবেন। 

ডেপুটি স্পিকার আরও জানান, কলমাকান্দার বাইরেও দুর্গাপুর, নাজিরপুর ও লেঙ্গুরাসহ বিভিন্ন এলাকায় মেডিকেল ক্যাম্প পরিচালিত হচ্ছে। এসব উদ্যোগ বাস্তবায়নে সমাজের বিত্তবানদের সহযোগিতাও প্রয়োজন বলে মনে করেন তিনি। তাঁর মতে, রাষ্ট্র ও সরকারের একার পক্ষে সব মানুষের প্রয়োজন মেটানো সম্ভব নয়। চক্ষু শিবিরের আয়োজক ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানিয়ে কায়সার কামাল বলেন, নির্বাচনের আগে জনগণের পাশে থাকার যে অঙ্গীকার করেছিলেন, নির্বাচিত হওয়ার পর সেই প্রতিশ্রুতি রক্ষা করাই তাঁর লক্ষ্য।


আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত