মাদারগঞ্জে পূজামণ্ডপে এমপি বাবুল, দিলেন সম্প্রীতির বার্তা
রাজনীতি · 2026-10-20T12:11:12.000000Z · স্টাফ রিপোর্টার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।
পূজামণ্ডপ পরিদর্শনকালে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এ দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার রয়েছে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান, সবাই এ দেশের নাগরিক। রাষ্ট্রের কাছে সবার অধিকার সমান।”
তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
দুর্গাপূজার নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা প্রসঙ্গে এমপি বাবুল বলেন, পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা, দর্শনার্থীদের নির্বিঘ্নে চলাচলের ব্যবস্থা করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। এ জন্য স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পূজা উদযাপন কমিটির সদস্যদের সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
তিনি আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন সম্ভব হবে।
এ সময় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী, মাদারগঞ্জ মডেল থানার ওসি তদন্ত আব্দুল হাসেম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, পৌর বিএনপির সভাপতি ও মেয়র প্রার্থী আলহাজ আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু, উপজেলা বিএনপির সহসভাপতি ও আদারভিটা ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিলিটারি, পৌর বিএনপির সহসভাপতি মাজেদ মোল্লা, জেলা যুবদলের সদস্য আল-আমিন তালুকদারসহ স্থানীয় নেতাকর্মীরা।