শ্রীমঙ্গলের সময়

গফরগাঁওয়ে ছাত্রদল নেতার বাড়ির গেটে বিস্ফোরণ

রাজনীতি · 2026-10-21T06:23:00.000000Z · স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মুক্তার হোসেনের বাড়ির গেটের সামনে বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৪টা ২০ মিনিটের দিকে উপজেলার সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন মুক্তার হোসেন।মুক্তার হোসেন গনমাধ্যমকে জানান, ভোরে পরপর দুটি বিস্ফোরণের শব্দ শুনে ঘর থেকে বের হয়ে বাড়ির গেটের সামনে আগুন জ্বলতে দেখেন তিনি। এ সময় গফরগাঁও-ভালুকা আঞ্চলিক মহাসড়ক দিয়ে দুটি মোটরসাইকেল ও একটি হায়েস মাইক্রোবাস দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে তিনি অভিযোগ করেন।

মুক্তার হোসেনের দাবি, বাড়ির গেটে শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ ঘটনায় তিনি গফরগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।

ঘটনার শব্দ শুনে কাছাকাছি থাকা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং পাশের একটি দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। এ সময় বাড়ির গেটের সামনে থেকে বিস্ফোরণের আলামত সংগ্রহ করে থানায় নিয়ে যায় পুলিশ।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান সেখ গনমাধ্যমকে বলেন, ছাত্রদলের সাবেক আহ্বায়কের বাড়ির গেটে বিস্ফোরণ ও অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে পড়ে থাকা আলামত জব্দ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত