শ্রীমঙ্গলের সময়

শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে যোশেফ দাশগুপ্তের বস্ত্র বিতরণ

সিলেটের খবর · 2026-10-20T08:16:00.000000Z · শ্রীমঙ্গলের সময় ডেস্ক

 শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে নতুন বস্ত্র বিতরণ করেছেন সমাজসেবক যোশেফ দাশগুপ্ত (যশো)। তাঁর এ উদ্যোগে এলাকায় প্রশংসা কুড়িয়েছেন তিনি।মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৪টায় শ্রীমঙ্গলের দক্ষিণ ভাড়াউড়া সার্বজনীন দুর্গামণ্ডপে দক্ষিণ ভাড়াউড়া সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দেড় শতাধিক অসহায় নারী-পুরুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। এর আগে নিজের বাসভবনেও শতাধিক অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করেন যোশেফ দাশগুপ্ত।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও বিএনপি নেতা যোশেফ দাশগুপ্ত (যশো)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক সরফরাজ আহমেদ সরফু।দক্ষিণ ভাড়াউড়া সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন বণিকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি স্বপন দেবনাথ (গোপাল)।আয়োজকেরা জানান, শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়া এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন বস্ত্র পেয়ে উপকারভোগীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।এ সময় যোশেফ দাশগুপ্ত (যশো) বলেন, “দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, ভালোবাসা ও মানবিকতারও উৎসব। সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারার মধ্যেই প্রকৃত আনন্দ। সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে পারেন, সেই লক্ষ্যেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে চাই।”স্থানীয়রা বলেন, উৎসবের সময়ে অসহায় মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার এমন উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের মানবিক কর্মকাণ্ড সমাজে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত