মাদারগঞ্জে নিষেধাজ্ঞা উপেক্ষা করে যমুনায় ইলিশ শিকার, ঘাটে প্রকাশ্যে বিক্রি
সারাদেশ · 2026-10-19T12:03:35.000000Z · স্টাফ রিপোর্টার
সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে জামালপুরের মাদারগঞ্জে যমুনা নদীতে চলছে ইলিশ শিকার। নদীতে প্রশাসনের অভিযান চললেও উপজেলার সীমান্তবর্তী মানিকদার নৌকা ঘাটে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ইলিশ। আকারভেদে প্রতি কেজি ইলিশের দাম হাঁকা হচ্ছে ৪০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে একশ্রেণির জেলে যমুনা নদীতে ইলিশ শিকার করছেন। পরে বিভিন্ন নৌঘাট ও নির্দিষ্ট পয়েন্টে এসব মাছ বিক্রি করা হচ্ছে। মানিকদার নৌকা ঘাটে প্রকাশ্যে ইলিশ বিক্রির চিত্র দেখা গেছে। এতে মা ইলিশ সংরক্ষণে সরকারের উদ্যোগ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় জেলে হামিদুল ও কদ্দুস বলেন, ‘গতকাল অভিযান চলার সময় আমরা নদীর ওপারে ছিলাম। পেটের দায়ে ইলিশ ধরে বিক্রি করি। সরকার আমাদের কী সুবিধা দিয়েছে, তা জানি না। মাছের আকার অনুযায়ী প্রতি কেজি ৪০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত বিক্রি করি।’
মাদারগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ‘মাদারগঞ্জের সীমানার মধ্যে কোনো জেলে ইলিশ ধরলে বা বিক্রি করলে ইলিশ সংরক্ষণ আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, ‘গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ সংরক্ষণ কার্যক্রম চলছে। এ সময়ে ইলিশ ধরা, বিক্রি ও খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। বৃহস্পতিবার যমুনা নদীতে মাদারগঞ্জের সীমানায় অভিযান চালিয়ে ৬০০ মিটার জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। কেউ ইলিশ ধরলে বা বিক্রি করলে অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
নিষেধাজ্ঞার মধ্যেও ইলিশ শিকার ও বিক্রি অব্যাহত থাকায় মা ইলিশের নিরাপদ প্রজনন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, নিষেধাজ্ঞা কার্যকর করতে নদীতে নিয়মিত নজরদারির পাশাপাশি যেসব ঘাটে অবৈধভাবে ইলিশ বিক্রি হচ্ছে, সেসব স্থানে অভিযান জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে নিষেধাজ্ঞার সময় কর্মহীন হয়ে পড়া জেলেদের জন্য সরকারি সহায়তা নিশ্চিত করাও জরুরি।