শ্রীমঙ্গলে যুবদল নেতা মহিউদ্দিন ঝাড়ুর বহিষ্কারাদেশ প্রত্যাহার, নেতাকর্মীদের মিষ্টি বিতরণ
সিলেটের খবর · 2026-11-26T16:53:27.000000Z · প্রতিবেদক, শ্রীমঙ্গল
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত মৌলভীবাজার জেলার ১০ জন যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁদের স্বপদে পুনর্বহাল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতাদের মধ্যে রয়েছেন শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু। অন্যরা হলেন—কমলগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব নোমান আহমেদ, যুগ্ম আহ্বায়ক কয়েছ আহমদ, গোলাম রাব্বী, আছনাজ চৌধুরী ইমন, মো. জিয়া উদ্দিন চৌধুরী, ইজ্জাদুর রহমান ও সদস্য সিপার আহমদ। এ ছাড়া কমলগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান রোবেল ও আব্দুল রোবেল ভূঁইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁদের আগের পদে বহাল করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির নির্দেশক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
উল্লেখ্য, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু বহিষ্কৃত হওয়ার পর জেলাজুড়ে নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানানোর পাশাপাশি তাঁর পদ ফিরিয়ে দিতে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে খোলা চিঠি লিখে আবেদন জানানো হয়। অবশেষে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল করায় শ্রীমঙ্গলের স্থানীয় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস ও আনন্দ বিরাজ করছে; বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণও করেছেন তাঁরা।
এদিকে মহিউদ্দিন ঝাড়ুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় ছাত্রদল নেতারা।
মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. মোবারক হাসান লোপ্পা তাঁর ফেসবুক পোস্টে লিখেন:
"অভিনন্দন প্রিয় বড় ভাই, প্রিয় নেতা। রাজপথের লড়াকু সৈনিক, শহীদ জিয়ার আদর্শের সৈনিক, আন্দোলন সংগ্রামের পরিশ্রমী কর্মী, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আইডল, হাজার হাজার কর্মী গড়ার কারিগর, কারা নির্যাতিত, নিপীড়িত, রাজপথের অগ্নিপুরুষ শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক পদে পুনর্বহাল হওয়ায় মহিউদ্দিন ঝাড়ু ভাই আপনাকে জানাই অফুরন্ত শুভেচ্ছা ও অভিনন্দন। আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের অভিভাবক, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) সাহেবের প্রতি, যার অক্লান্ত পরিশ্রম এবং নিরলস প্রচেষ্টায় একজন আদর্শিক কর্মী ফিরে পেলো তার পুনঃসম্মান, পুনঃমর্যাদা। দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত সূর্য সৈনিককে পুনরায় সাংগঠনিক দায়িত্ব প্রদান করার জন্য। আপনাদের এই দূরদর্শী সিদ্ধান্ত শ্রীমঙ্গল উপজেলা যুবদলকে অনুপ্রাণিত করবে এবং সংগঠনকে আরও সুসংগঠিত, মার্জিত ও শক্তিশালী করে তুলবে—এই দোয়া রইলো।"
অন্যদিকে শ্রীমঙ্গল পৌর শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম জাহিদ তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বলেন:
"অভিনন্দন রাজপথের ত্যাগী, নির্যাতিত, পরীক্ষিত জাতীয়তাবাদী আদর্শের উজ্জ্বল নক্ষত্র মহিউদ্দিন ঝাড়ু ভাই। কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি শ্রীমঙ্গল-কমলগঞ্জ (মৌলভীবাজার-৪) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব ভাইকে নিরলস প্রচেষ্টা করে মহিউদ্দিন ঝাড়ু ভাইয়ের বহিষ্কারাদেশ তুলে আনতে সহযোগিতা করার জন্য।"