ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের
সারাদেশ · 2026-11-27T02:37:48.000000Z · সিনিয়র রিপোর্টার
ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটককে হাতিয়ার বানিয়ে কিশোরী ও অবিবাহিত নারীদের সঙ্গে প্রেমের ফাঁদ পাততেন চেন ইয়ং নামের এক চীনা নাগরিক। পরিচয়ের পর বিয়ের প্রলোভন দেখিয়ে এবং স্ট্যাম্পে ভুয়া কাগজপত্র তৈরি করে ভুক্তভোগীদের বিশ্বাস অর্জন করতেন তিনি। এভাবে গত মাত্র তিন মাসে দেশের বিভিন্ন এলাকার অন্তত ১৫ জন নারীকে বিয়ে করার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।সর্বশেষ মানিকগঞ্জের ১৪ বছর বয়সি এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ঢাকার উত্তরায় একটি ভাড়া বাসায় আটকে রেখে নির্যাতনের অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত ১২ আগস্ট ব্যবসায়িক যোগাযোগের কথা বলে ভ্রমণ ভিসায় বাংলাদেশে আসেন চীনা নাগরিক চেন ইয়ং। চীনে তার একটি ছোট অটোগ্যারেজ রয়েছে এবং সেখানে তিনি চালক হিসেবে কাজ করতেন। বাংলাদেশে আসার পর থেকেই তিনি টিকটকে বিভিন্ন কিশোরী ও তরুণীর সঙ্গে সখ্য গড়ে তুলতেন।মানিকগঞ্জের ওই স্কুলছাত্রীর সঙ্গেও টিকটকের মাধ্যমেই তার পরিচয় হয়। গত ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার পথে ওই শিক্ষার্থী নিখোঁজ হলে পরদিন তার বাবা মানিকগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে ভুক্তভোগী ছাত্রী তার বড় বোনকে ফোনে জানায়, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চেন ইয়ং তাকে মানিকগঞ্জের একটি রেস্তোরাঁয় ডেকে নেন এবং সেখান থেকে ঢাকার উত্তরায় নিয়ে একটি বাসায় আটকে রাখেন।বড় বোনের দেওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ ঢাকার উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে এবং চেন ইয়ংকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি চীনা পাসপোর্ট ও দুটি মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক তদন্ত মো. জুলুস খান পাঠান জানান, চেন ইয়ংকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে সোমবার রাতে বিভিন্ন বয়সি একাধিক নারী থানায় উপস্থিত হন। তাদের মধ্যে সাভারের এক নারীও চেন ইয়ংকে নিজের স্বামী বলে দাবি করেন। তদন্তে পুলিশ জানতে পারে, গত তিন মাসে অন্তত ১৫ জন নারীকে এভাবে বিয়ের নামে প্রতারণা করেছেন তিনি।এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে চেন ইয়ংকে প্রধান আসামি এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। বুধবার আদালতের মাধ্যমে অভিযুক্ত চীনা নাগরিককে মানিকগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। এই প্রতারণা চক্রের সঙ্গে দেশীয় কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।