জামালপুরে ২০ মাসে সাড়ে ৩ কোটি টাকার মাদক উদ্ধার
সারাদেশ · 2026-10-21T14:03:03.000000Z · স্টাফ রিপোর্টার
জামালপুরে গত ২০ মাসে ৩ কোটি ৪২ লাখ ৭২ হাজার ৪৬০ টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করেছে জামালপুর জেলা পুলিশ।
২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা, হেরোইন, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক জব্দ করা হয়। এ সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ হাজার ৪১৮টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে ২ হাজার ১৮৪ জনকে।
জামালপুর জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৫৯ হাজার ১০৯টি ইয়াবা, ৩১২ কেজি ৬৮৬ গ্রাম গাঁজা, ৯৮৯ গ্রাম হেরোইন, ১ হাজার ৪৮০ বোতল ফেনসিডিল এবং ৫ হাজার ৪৭৯টি ট্যাপেন্টাডল বড়ি। এ ছাড়া অন্যান্য মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে জেলায় ৪২ হাজার ৮৫৪টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত উদ্ধার হয়েছে আরও ১৬ হাজার ২৫৫টি। সব মিলিয়ে এই ২০ মাসে উদ্ধার হওয়া ইয়াবার সংখ্যা ৫৯ হাজারের বেশি।
জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানের উল্লেখযোগ্য ঘটনাগুলোর একটি ছিল ২০২৫ সালের ২৫ অক্টোবর। ওই দিন জামালপুর পৌর এলাকায় একটি পর্যটকবাহী বাসে অভিযান চালিয়ে ২২ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশ তখন উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য জানিয়েছিল ৬৬ লাখ টাকা।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন বলেন- ‘ উদ্ধার হওয়া মাদকের একটি বড় অংশ সীমান্তবর্তী এলাকা দিয়ে দেশে প্রবেশ করে। সীমান্ত এলাকায় পুলিশের সরাসরি নজরদারির সীমাবদ্ধতা রয়েছে। তবে মাদক প্রতিরোধে অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানো এবং তরুণদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করার ওপর গুরুত্ব দিতে হবে।