নান্দাইলে সশস্ত্র হামলা ও লুটের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
সারাদেশ · 2026-10-21T13:59:48.000000Z · ফরিদ মিয়া
ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের পাছবাড়িয়া গ্রামে গভীর রাতে বাড়িতে অনধিকার প্রবেশ করে সশস্ত্র হামলা, মারধর ও স্বর্ণালংকার-নগদ টাকা লুটের অভিযোগে জড়িতদের গ্রেফতার এবং নিয়মিত মামলা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২১ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় পাছবাড়িয়া বাংলা বাজারে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর রাত আনুমানিক ৩টার দিকে অজ্ঞাতনামা ১৪-১৫ জন ব্যক্তি মুখে কালো কাপড় দিয়ে একটি বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা বাড়ির একটি কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে নারী সদস্যদের ধারালো অস্ত্রের ভয় দেখায়। পরে বাড়ির মালিক লুৎফুর রহমান ভূইয়া সুমন বের হলে তাকেও ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে ফেলা হয় এবং মুখে কাপড় গুঁজে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ঘরে থাকা স্টিলের ট্রাংক থেকে প্রায় ৫ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য ১১ লাখ টাকা, এবং নগদ ১ লাখ ৫৫ হাজার টাকা নিয়ে যায়। পরে তারা সুমনকে লোহার রড দিয়ে মারধর করে গুরুতর আহত করে। হামলাকারীরা তাকে পূর্বে করা একটি সাধারণ ডায়েরির (জিডি) বিষয় উল্লেখ করে হত্যার হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার করতে হবে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন অলি আজম বাবন, অলিউল্লাহ, শফিকুল ইসলাম, আজিজুল হক ভুইয়া, বিএনপি নেতা অলিউল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, একটি বসতবাড়িতে গভীর রাতে প্রবেশ করে নারী ও পুরুষ সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর ও লুটপাটের অভিযোগ অত্যন্ত গুরুতর। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
মানববন্ধন থেকে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী দ্রুত তদন্ত, অভিযুক্তদের গ্রেফতার এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।