শ্রীমঙ্গলের সময়

সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে ময়মনসিংহ উত্তর জেলা যুবদল রাজপথে প্রস্তুত রয়েছে'

রাজনীতি · 2026-11-27T12:56:55.000000Z · মোঃ ফরহাদ হোসেন মায়া

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে ময়মনসিংহ উত্তর জেলা যুবদল রাজপথে সর্বদা প্রস্তুত রয়েছে, বলে অঙ্গীকার ব‍্যক্ত করেছেন সংগঠনের নেতাকর্মীরা। 
আগামী ২৯ নভেম্বর কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফল করার লক্ষ্যে শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ‍্যায় ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডস্থ বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তারা এই অঙ্গীকার ব‍্যক্ত করেন। 
সভায় নবগঠিত ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি সুজাউদ্দৌল্লা সুজা'র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু'র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক মো: হাসান আল মামুন লিমন। এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের মানবাধিকার বিষয়ক সম্পাদক অ‍্যাড. মাহাবুবুল আলম আক্তার, উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি রবিউল করিম বিপ্লব। এছাড়াও বক্তব্য রাখেন নবগঠিত উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রায়হান শরীফ হলুদ।
এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে সভার প্রধান অতিথি হাসান আল মামুন লিমন বলেন, পলাতক স্বৈরাচার বিদেশি শক্তির সহযোগিতায় বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু কোন অবস্থাতেই দেশের শান্তি ও সমৃদ্ধি নষ্ট করতে দেওয়া হবে না। এজন‍্য দেশের প্রাণ শক্তি যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে যেকোনো সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ গড়ে তুলতে হবে।  উল্লেখ্য, সভায় জেলা উত্তর যুবদলের অধিনস্থ ৭টি উপজেলা ও ৫টি পৌর যুবদলের সাবেক, বতর্মান ও পদপ্রত‍্যাশি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। 

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত