শ্রীমঙ্গলের সময়

শ্রীমঙ্গলে প্রায় ৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস উদ্ধার, আটক ১

সিলেটের খবর · 2026-11-27T16:50:34.000000Z · প্রতিবেদক, শ্রীমঙ্গল


​মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় কসমেটিকস সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
​শুক্রবার (২৭ নভেম্বর) শ্রীমঙ্গল পৌরসভার আছদ্দর আলী রোড এলাকার ‘সেলিমা টি ট্রেডার্স’ নামক একটি দোকানে এ অভিযান পরিচালিত হয়। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুনের সার্বিক দিকনির্দেশনায় এসআই মিয়া নাসির উদ্দিন আহমেদ, এসআই সজীব চৌধুরী ও এসআই মো. ইমানুর হোসেনসহ পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।​পুলিশ জানায়, অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দোকানদার জুবের আহমদকে (৩৬) আটক করা হয়। তিনি সিলেট জেলার কানাইঘাট থানার বায়মপুর গ্রামের শওকত আলীর ছেলে।​পরে সাক্ষীদের উপস্থিতিতে দোকানটিতে তল্লাশি চালিয়ে ১৯টি প্লাস্টিকের বস্তায় রাখা বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে—​WishCare Lotion: ১৬০ পিস​WILD STONE Perfume: ১৪৪ পিস​Skinshine Cream: ৭২০ পিস​POND’S Hydra Miracle: ৩০০ পিস​Head & Shoulders Shampoo: ১৫০ পিস​Mamaearth Face Wash: ৩০০ পিস​Garnier Micellar Cleansing Water: ৬০ পিস​পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত এসব পণ্যের স্বপক্ষে আটক ব্যক্তি বৈধ আমদানি সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অজ্ঞাতনামা ২ থেকে ৩ জনের সহযোগিতায় চোরাচালানের মাধ্যমে পণ্যগুলো দেশে আনার কথা স্বীকার করেছেন।
​এ ঘটনায় আটক আসামি ও অজ্ঞাতনামা সহযোগীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর 25B(1)(b)/25D ধারায় শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত