পাবনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে এতিমখানার শিশুদের মাঝে দুধ ও ডিম বিতরণ
সারাদেশ · 2026-11-28T16:04:29.000000Z · পাবনা জেলা প্রতিনিধি
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে পাবনার ফরিদপুরে এতিমখানার শিশুদের মাঝে পুষ্টিকর খাবার হিসেবে দুধ ও ডিম বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) উপজেলার রুলদহ-বন্যাকান্দি এতিমখানায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, ফরিদপুরের আয়োজনে স্কুল ফিডিং কর্মসূচি ও আলোচনা সভায় শিশুদের পুষ্টির চাহিদা পূরণে দুধ ও ডিমের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ নুরুজ্জামান, ভেটেরিনারি সার্জন ডা. মোঃ আলহাজ উদ্দিন এবং হাদল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শাহ আলমসহ প্রাণিসম্পদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ, সবল ও মেধাবী জাতি গঠনে পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। বিশেষ করে শিশুদের সঠিক শারীরিক ও মানসিক বিকাশে দুধ ও ডিম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিশুদের প্রতিদিনের খাদ্যতালিকায় নিরাপদ প্রাণিজ আমিষ রাখার পাশাপাশি এ বিষয়ে সামাজিক সচেতনতা বাড়াতে হবে।
আলোচনা শেষে এতিমখানার শিশুদের হাতে দুধ ও ডিম তুলে দেওয়া হয়। এ ধরনের উদ্যোগ শিশুদের পুষ্টি বিষয়ে সচেতন করতে এবং নিয়মিত প্রাণিজ খাদ্য গ্রহণে আগ্রহী করে তুলতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।