শ্রীমঙ্গলের সময়

হাতিরঝিলে আবারও ইন্টারনেট অফিসে গুলি, অল্পের জন্য রক্ষা

জাতীয় · 2026-11-28T16:39:00.000000Z · ডেস্ক রিপোর্ট

রাজধানীর হাতিরঝিল এলাকায় ডিএল নেটওয়ার্ক সার্ভিস নামে একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে গুলির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা অফিসে ঢুকে এক রাউন্ড গুলি ছোড়ে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পৌনে ৮টার মধ্যে এ ঘটনা ঘটে।

তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মো. ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্বৃত্তরা ডিএল নেটওয়ার্কের কার্যালয়ে প্রবেশ করে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলিটি একটি ল্যাপটপ ভেদ করে দেয়ালে গিয়ে লাগে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

কী কারণে প্রতিষ্ঠানটির কার্যালয়ে গুলি চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এর আগে গত ১৫ নভেম্বর সন্ধ্যায় হাতিরঝিল থানার ওয়াপদা রোডে স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজির কার্যালয়ে গুলির ঘটনা ঘটে। সেদিন প্রতিষ্ঠানটির কার্যালয়ে ঢুকে দুই কর্মচারীকে গুলি করে দুর্বৃত্তরা।

একই এলাকায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে দ্বিতীয়বারের মতো গুলির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও কর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত