শনিবার ১২ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আইন

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক। ১০ সেপ্টেম্বার ২০২৬ ০৫:২০ পি.এম

ঢাকা ছবি: সংগ্রহীত

 

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা প্রায় ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে। এনবিআরের কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

 

রায়ের পর গ্রামীণ কল্যাণের আইনজীবী খাজা তানভীর বলেন, এনবিআরের কর দাবিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা রিটের ওপর জারি করা রুল আদালত খারিজ করে দিয়েছেন। ফলে এনবিআরের দাবিই বহাল থাকল।

 

তিনি আরও বলেন, হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যাওয়ার বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। মক্কেলের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

 

কবে নাগাদ ওই অর্থ পরিশোধ করতে হবে, তা হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর জানা যাবে বলে জানান তিনি।

 

এনবিআরের ওই কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৭ সালে হাইকোর্টে রিট আবেদন করে গ্রামীণ কল্যাণ।

 

এর আগে ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা থাকাকালে তার পক্ষে গ্রামীণ কল্যাণের মামলাটি প্রত্যাহার করা হয়েছে—এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। তবে গত ১৪ জুলাই গ্রামীণ কল্যাণের আইনজীবী আবদুল্লাহ আল মামুন কর মওকুফ ও মামলা প্রত্যাহারের খবরকে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ বলে দাবি করেছিলেন।

 

তখন তিনি জানিয়েছিলেন, মামলাটি বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের হাইকোর্ট বেঞ্চে শুনানির অপেক্ষায় রয়েছে।


এই সম্পর্কিত আরও খবর