৪০০ বছরের নান্দাইল দিঘিতে ‘ইত্যাদি’, আজকের পর্বে আরও যে সব চমক থাকছে
সারাদেশ · 2026-11-27T09:46:54.000000Z · স্টাফ রিপোর্টার
দেশের ইতিহাস, ঐতিহ্য, শিল্প-সংস্কৃতি ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন তুলে ধরতে প্রতিবারই দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। সেই ধারাবাহিকতায় এবার উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে ধারণ করা হয়েছে অনুষ্ঠানটির নতুন পর্ব।
ইতিহাস, লোকজ সংস্কৃতি, ধর্মীয় সম্প্রীতি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সমৃদ্ধ জয়পুরহাটের নানা দিক উঠে আসবে এবারের আয়োজনে। জেলার কালাই উপজেলায় অবস্থিত প্রায় ৪০০ বছরের প্রাচীন ঐতিহাসিক নান্দাইল দিঘির পাড়ে নির্মিত মঞ্চে ধারণ করা হয়েছে পর্বটি। দিঘির বিস্তীর্ণ জলরাশি ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা নান্দাইল দিঘি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই আয়োজন।
জয়পুরহাটের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সমকালীন বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে সাজানো হয়েছে এবারের পর্ব। বরাবরের মতোই এতে থাকছে বৈচিত্র্যময় সব আয়োজন।
আজ (২৭ নভেম্বর) রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ‘ইত্যাদি’র এই বিশেষ পর্ব।
এবারের পর্বের গানের আয়োজনে বিশেষ গুরুত্ব পেয়েছেন জয়পুরহাটের শিল্পীরা। থাকছে তিনটি ভিন্ন আঙ্গিকের গান। এর একটিতে কণ্ঠ দিয়েছেন জয়পুরহাটের কৃতী সন্তান বরেণ্য সংগীতশিল্পী খুরশীদ আলম। তার গাওয়া অসংখ্য জনপ্রিয় গান থেকে তিনটি বেছে নিয়ে তৈরি করা হয়েছে একটি সংকলিত গান। একই পরিবেশনায় তার তিনটি জনপ্রিয় গান শোনার সুযোগ পাবেন দর্শকেরা।
চলমান নজরুল বর্ষ উদযাপনের অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি জনপ্রিয় গান নতুন সংগীতায়োজনে পরিবেশন করেছেন দুই বরেণ্য নজরুলসংগীতশিল্পী। তারা হলেন জয়পুরহাটের ফাতেমা তুজ জোহরা ও নওগাঁর ইয়াসমীন মুশতারী। খুরশীদ আলমের সংকলিত গান ও নজরুলসংগীত- দুটিরই সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।
বরাবরের মতো এবারও থাকছে ধারণস্থানের ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতি নিয়ে জেলা পরিচিতিমূলক নৃত্যগীত। মনিরুজ্জামান পলাশের কথায় গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন রাশেদ ও স্বীকৃতি। সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। এস কে জাহিদের পরিচালনায় নাচে অংশ নিয়েছেন স্থানীয় নৃত্যশিল্পীরা।
বিনোদনের পাশাপাশি দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা প্রতিভাবান ও উদ্যোগী মানুষদের খুঁজে বের করা ‘ইত্যাদি’র অন্যতম বৈশিষ্ট্য। এবারের পর্বেও থাকছে তেমন কয়েকজন মানুষের গল্প। বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠানের রচয়িতা, পরিচালক ও উপস্থাপক হানিফ সংকেতের কথায় উঠে এল জয়পুরহাটের কয়েকজন মানুষকে নিয়ে তাঁর মুগ্ধতার কথা।
তাদের একজন জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের প্রসেনজিৎ বর্মন। ছবি আঁকার জন্য তার প্রয়োজন হয় না প্রচলিত রং কিংবা ক্যানভাসের। মাটিই তার ক্যানভাস, আর ছবি আঁকার উপকরণ ছাই। এই সাধারণ উপকরণ দিয়েই তিনি ফুটিয়ে তোলেন নানা প্রতিকৃতি। প্রসেনজিতের ব্যতিক্রমী শিল্পকর্ম ও প্রতিভার গল্প তুলে ধরা হবে এবারের ‘ইত্যাদি’তে।
থাকছে জয়পুরহাটের বাক্প্রতিবন্ধী তিন ভাইকে নিয়ে আরেকটি অনুপ্রেরণামূলক প্রতিবেদন। কথা বলতে না পারার সীমাবদ্ধতা সত্ত্বেও নিজেদের সামর্থ্য ও প্রচেষ্টায় জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা। এই তিন ভাইয়ের জীবনসংগ্রামের গল্পও বিশেষভাবে গুরুত্ব পেয়েছে এবারের পর্বে।
কৃষিসমৃদ্ধ জেলা জয়পুরহাটের অর্থনীতিতে কৃষি ও পোলট্রিশিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জেলার পরিচিত কৃষিপণ্য লতিরাজ কচু ও সোনালি মুরগিও উঠে এসেছে এবারের আয়োজনে।