শ্রীমঙ্গলের সময়

মণিপুরে স্নাইপার হামলায় চার নাগা নাগরিক নিহত, উত্তেজনা

বিশ্ব · 2026-11-14T11:30:00.000000Z · ডেস্ক রিপোর্ট

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের উখরুল জেলায় স্নাইপার হামলায় চার নাগা বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় মহাসড়কে চলাচলকারী দুটি গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলি চালালে এ প্রাণহানির ঘটনা ঘটে। হামলার পর নাগা ও কুকি জনগোষ্ঠীর মধ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ঘটনার পর হামলাকারীদের পরিচয় ও উদ্দেশ্য নিয়ে স্থানীয় বিভিন্ন সংগঠনের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। ইন্ডিজেনাস পিপলস ফোরাম এ হামলার জন্য কুকি সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করেছে। সংগঠনটি ঘটনার নিরপেক্ষ তদন্তের পাশাপাশি হামলার সঙ্গে নিরাপত্তা বাহিনীর কোনো সদস্যের যোগসাজশ ছিল কি না, কিংবা দায়িত্ব পালনে অবহেলা হয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছে।

অন্যদিকে কুকি সিভিল সোসাইটি ওয়ার্কিং কমিটি হামলার নিন্দা জানিয়ে কুকি জনগোষ্ঠীর সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সংগঠনটির বক্তব্য, কোনো নির্দিষ্ট ঘটনার দায় পুরো একটি জনগোষ্ঠীর ওপর চাপানো উচিত নয়। তারা নির্দিষ্ট সময়ের মধ্যে নিরপেক্ষ তদন্ত এবং সব সম্প্রদায়ের মানুষের জন্য সমান নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

এর আগে বৃহস্পতিবার সেনাপতি ও কাংপোকপি জেলার সীমান্তবর্তী এলাকায় ধানখেতে কাজ করার সময় গুলিতে ৪২ বছর বয়সী এক কুকি নারী নিহত হন। ওই ঘটনায় আরও দুজন আহত হন। পরে উখরুলে গুলিতে এক নাগা ব্যক্তিও আহত হন বলে খবর পাওয়া যায়। কুকি নারীর মৃত্যুর প্রতিবাদে কাংপোকপি জেলায় ৪৮ ঘণ্টার ধর্মঘট চলছে।

এদিকে ২৪ ঘণ্টার মধ্যে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় রাজ্য সরকারের জবাবদিহি নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেসের আইনসভা দলের নেতা কেইশাম মেঘাচন্দ্র। নাগা ও কুকি—উভয় সম্প্রদায়ের বেসামরিক নাগরিক হত্যার নিন্দা জানিয়ে তিনি বলেন, ন্যায়বিচার নিশ্চিত করা এবং সংঘাত বন্ধে সুস্পষ্ট পরিকল্পনা গ্রহণ ছাড়া শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে নাগা-কুকি সংঘাতে অন্তত ৬৬ জন নিহত হয়েছেন। অন্যদিকে ২০২৩ সালের মে মাসে শুরু হওয়া মেইতেই-কুকি সংঘাতে প্রাণ হারিয়েছেন ৩০০ জনের বেশি মানুষ। দীর্ঘদিনের জাতিগত উত্তেজনার মধ্যে নতুন করে বেসামরিক নাগরিক হত্যার ঘটনা মণিপুরের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত