চুনারুঘাটে কামিল মাদ্রাসার সরকারি অনুদান বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি
সিলেটের খবর · 2026-11-09T15:52:21.000000Z · প্রতিবেদক, চুনারুঘাট
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নূর মোহাম্মদপুর দারুল ইসলাম রহমানিয়া কামিল মাদ্রাসার সরকারি অনুদান বিতরণে ব্যাপক অনিয়ম, জালিয়াতি, স্বজনপ্রীতি ও অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের নামে বরাদ্দকৃত সরকারি অনুদানের অর্থ প্রকৃত উপকারভোগীদের না দিয়ে নয়ছয়ের অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা এ বি এম আশরাফ উদ্দিন মাসুদ। এ ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, অনুদানের অর্থের সঠিক হিসাব যাচাই এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন তিনি।
গত ৯ অক্টোবর সন্ধ্যায় চুনারুঘাট মডেল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব চাঞ্চল্যকর অভিযোগ তুলে ধরেন আশরাফ উদ্দিন মাসুদ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরে মাদ্রাসার উন্নয়নমূলক কাজের জন্য ২৫ হাজার টাকা, দুজন শিক্ষক-কর্মচারীর নামে ৩০ হাজার টাকা এবং ১৪ জন শিক্ষার্থীর অনুকূলে সোনালী ব্যাংকের মাধ্যমে ১ লাখ ৩০ হাজার টাকা অনুদান বরাদ্দ দেওয়া হয়। কিন্তু পুরো বিতরণ প্রক্রিয়াই অস্বচ্ছ ও নিয়মবহির্ভূতভাবে সম্পন্ন হয়েছে।সংবাদ সম্মেলনে উত্থাপিত প্রধান অভিযোগসমূহ:কর্মরত না থেকেও অর্থ উত্তোলন: মাদ্রাসায় কর্মরত নন এমন ব্যক্তি—যেমন জিনিয়া আক্তারের নামে ১৫ হাজার এবং শেফুল আক্তারের নামে ২৫ হাজার টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে শেফুল আক্তার সরাসরি জানিয়েছেন, তিনি কোনো অনুদানের জন্য আবেদনই করেননি এবং কোনো টাকাও হাতে পাননি।
স্বজনপ্রীতি ও অনিয়ম: মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আবু তাহের মুহাম্মদ সালেহ উদ্দিনের ঘনিষ্ঠ স্বজনদের অনুদানের তালিকায় অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়া যোগ্যতার তোয়াক্কা না করে তাঁর আপন ভাতিজাকে ভাইস প্রিন্সিপাল পদে নিয়োগ দিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন অভিযোগকারী। একই শিক্ষার্থী কর্তৃক পুনরায় অনুদান গ্রহণের মতো ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়।
সরকারি অনুদানের এ অর্থ যেন প্রকৃত দরিদ্র, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় হয়, তা নিশ্চিত করার জোরালো দাবি জানান আশরাফ উদ্দিন মাসুদ। সংবাদ সম্মেলন থেকে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তিনি ৬ দফা দাবি পেশ করেন:
১. অনুদানের আবেদন, অনুমোদন ও ব্যাংক হিসাবের স্বচ্ছতা যাচাই করা।
২. অর্থ উত্তোলন প্রক্রিয়ার একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা।
৩. ভুয়া নাম ও অনিয়মের মাধ্যমে টাকা উত্তোলনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা।
৪. মাদ্রাসার প্রশ্নবিদ্ধ নিয়োগ প্রক্রিয়া খতিয়ে দেখা।
৫. প্রকৃত উপকারভোগী শিক্ষার্থীদের মাঝে অনুদানের অর্থ পৌঁছানোর ব্যবস্থা করা।
৬. অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ।
স্থানীয় সচেতন মহলের মতে, সরকারি অনুদানের মতো একটি পবিত্র তহবিলে এ ধরনের অনিয়মের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। অনতিবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে কার্যকর পদক্ষেপ নেবে—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।