শ্রীমঙ্গলের সময়

নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হবিগঞ্জের জাফর

সিলেটের খবর · 2026-11-12T10:17:30.000000Z · প্রতিবেদক, হবিগঞ্জ


​জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার ফাজিল (অনার্স) চতুর্থ বর্ষের শিক্ষার্থী জাফর হোসেন খান।​সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আয়োজিত 'নজরুল বর্ষ ২০২৬' উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ে তিনি এ কৃতিত্ব অর্জন করেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সিলেটের হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসায় বিভাগীয় পর্যায়ের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।​প্রতিযোগিতায় সিলেট বিভাগের বিভিন্ন জেলার জেলা পর্যায়ে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারীরা মোট পাঁচটি ক্যাটাগরিতে অংশ নেন। এর মধ্যে 'নজরুলের কবিতা আবৃত্তি' ক্যাটাগরিতে সব প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে সেরা নির্বাচিত হন জাফর হোসেন খান।​জাফর হোসেন খানের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায়। বর্তমানে তিনি মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসায় অধ্যয়নরত। একজন ক্বারী ও নাশিদশিল্পী হিসেবে সুপরিচিত জাফর নিয়মিত পড়াশোনার পাশাপাশি নাশিদ পরিবেশন ও আবৃত্তি চর্চা করে আসছেন। তাঁর এই সাফল্য সাংস্কৃতিক অঙ্গনে তাঁর বহুমুখী প্রতিভারই স্বাক্ষর বহন করে।​বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনের সুবাদে জাফর আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছেন।​জাফর হোসেন খানের এই কৃতিত্বে তাঁর মাদ্রাসার শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। জাতীয় পর্যায়েও সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রেখে তিনি নিজ প্রতিষ্ঠান ও জেলার জন্য গৌরব বয়ে আনবেন—এমনটাই প্রত্যাশা সবার।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত