শ্রীমঙ্গলের সময়

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

সারাদেশ · 2026-11-10T09:17:07.000000Z · মোঃ সাইফুল ইসলাম


​গোপালগঞ্জের কোটালীপাড়ায় রাতের আঁধারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান গেটে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। পাশাপাশি দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে নাবিল হাসান (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।​গত সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।​স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে কুশলা নেছারিয়া ফাজিল মাদ্রাসা, ওয়েস্ট কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন, কাজী মন্টু কলেজ এবং ভাঙারহাট টিটি উচ্চ বিদ্যালয়ের প্রধান গেটে তালা ঝুলিয়ে দেয় দুর্বৃত্তরা। এছাড়া একই রাতে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এবং টুপুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।​পুলিশ জানিয়েছে, এসব নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে নাবিল হাসানকে আটক করা হয়েছে। আটক নাবিল কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের জুটিয়ার বাড়ি গ্রামের আখতারুজ্জামানের ছেলে।​এদিকে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ডাকা আজকের হরতালের সমর্থনে এসব ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করা হলেও বাস্তবে কোটালীপাড়ায় হরতালের তেমন কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। সকাল থেকেই ঢাকাগামীসহ দূরপাল্লার ও অভ্যন্তরীণ যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। পাশাপাশি ব্যাংক, বীমা, স্কুল, কলেজ ও বিভিন্ন সরকারি দপ্তর খোলা রয়েছে এবং জনজীবন সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।​কুশলা নেছারিয়া ফাজিল মাদ্রাসার সুপার বাকের হোসেন বলেন, “রাতে কে বা কারা আমাদের মাদ্রাসার গেটে তালা লাগিয়ে দিয়েছিল। সকালে এসে আমরা তালা দেখতে পেয়ে তা ভেঙে ভেতরে প্রবেশ করি। অন্যদিনের মতোই আজকেও আমাদের এখানে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি স্বাভাবিক রয়েছে।”​এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, “ককটেল বিস্ফোরণের ঘটনায় আমরা নাবিল হাসান নামের এক যুবককে গ্রেপ্তার করেছি। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ডাকা আজকের হরতালের কোনো প্রভাব এ উপজেলায় পড়েনি। অন্যান্য দিনের মতো আজও জনজীবন স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত