শ্রীমঙ্গলের সময়

গোপালগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ-পুলিশ সংঘর্ষ, গাড়িতে আগুন ও সড়ক অবরোধ

সারাদেশ · 2026-11-10T14:47:06.000000Z · মোঃ সাইফুল ইসলাম


​গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধরা পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন দেন এবং বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করেন। সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।​এদিকে টুঙ্গিপাড়ার পাশাপাশি কাশিয়ানী ও সদর উপজেলার বিভিন্ন স্থানে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।​টুঙ্গিপাড়ায় সংঘর্ষ ও গাড়িতে আগুন​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরবর্তীতে তাঁদের সঙ্গে আওয়ামী লীগ ও যুবলীগের নিষিদ্ধ ঘোষিত নেতা-কর্মীরাও যোগ দেন।​লগি-বৈঠা নিয়ে একটি মিছিল চৌরঙ্গী থেকে পাটগাতী বাসস্ট্যান্ড হয়ে পাটগাতী বাজারে গিয়ে যুবদল কার্যালয়ের বাইরের ফেস্টুন ও ব্যানার ভাঙচুর করে। এরপর মিছিলটি পুনরায় পাটগাতী বাসস্ট্যান্ডে ফিরলে পুলিশ বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ।​সংঘর্ষ চলাকালীন গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া উচ্চবিদ্যালয় (জিটি স্কুল) সংলগ্ন সড়কে পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয় এবং কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। এতে গোপালগঞ্জ–পিরোজপুর সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন, যাঁরা টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।​এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, “নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটে পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। হামলাকারীরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেয় এবং আমাদের কয়েকজন সদস্যকে আহত করে। বর্তমানে পরিস্থিতি পুরোপুরি শান্ত রয়েছে এবং গোপালগঞ্জ-পিরোজপুর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”​বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও ভাঙচুর​শহর এলাকা: দুপুর ১টার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট সেতুর পশ্চিম পাশ, বিসিক ব্রিজ সংলগ্ন সড়ক, সোনাকুড়, এলজিইডি মোড় এবং বেদগ্রাম বিশ্বরোড এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় বিসিক ব্রিজ এলাকার একটি টাইলসের দোকান ভাঙচুর করা হয়। দুপুর আড়াইটার দিকে অবরোধ তুলে নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।​কাশিয়ানী উপজেলা: সকাল ৭টার দিকে কালনা মধুমতি সেতুর টোলপ্লাজা এলাকা এবং পোনা ও মাজড়ার মধ্যবর্তী স্থানে ঢাকা–খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন কর্মীরা। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুরেরও অভিযোগ পাওয়া যায়। এর আগে সোমবার দিবাগত রাতে কাশিয়ানীর ওড়াকান্দি ইউনিয়নের গোপালপুর এলাকায় মহাসড়ক অবরোধ ও মহেশপুর রেলস্টেশনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা হয়।​বিগত রাতের নাশকতামূলক কর্মকাণ্ড​সোমবার রাতে গোপালগঞ্জ শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট কার্যালয়ের দেয়াল এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়া সদর উপজেলার বেদগ্রাম এলাকায় ঢাকা–খুলনা মহাসড়ক অবরোধ এবং কোটালীপাড়ায় মশালমিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় কোটালীপাড়ার বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে দুষ্কৃতকারীরা তালা ঝুলিয়ে দেয়।​পুলিশের বক্তব্য ও আটকের তথ্য​গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ জানান, সোমবার রাতের নাশকতার ঘটনায় এ পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ৭টি মোটরসাইকেল ও ১৫টি অবিস্ফোরিত ককটেল জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, “আজ মঙ্গলবার দু–একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।”

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত