সখীপুরে প্রতিমা বিসর্জন দিয়ে ফেরার পথে নদীতে নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি ২১ ঘণ্টায়
সারাদেশ · 2026-10-22T10:56:04.000000Z · স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বিজয় চন্দ্র কোচ (২০) নামের এক যুবক প্রতিমা বিসর্জন দিয়ে ফেরার পথে নদীতে পড়ে ২১ ঘণ্টা ধরে নিখোঁজ রয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ৪ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একজন ডুবুরি উদ্ধার অভিযান পরিচালনা করছেন। নিখোঁজ বিজয় চন্দ্র কোচ উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ধোপারচালা গ্রামের ফনিন্দ্র চন্দ্র কোচের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৫টার দিকে পার্শ্ববর্তী কালিহাতী উপজেলার রতনগঞ্জ এলাকায় বংশাই নদীতে প্রতিমা বিসর্জন দিয়ে বিজয় চন্দ্রসহ প্রায় ৪০ জনের একটি দল ইঞ্জিন চালিত নৌকায় করে বাড়ি ফিরছিলেন।
নৌকার ছাদে উচ্চস্বরে গান বাজিয়ে মদ্যপ অবস্থায় তাঁরা নাচানাচি করছিল বলে স্থানীয়রা জানিয়েছে। নৌকাটি বংশাই নদীর দুলশিমুল এলাকায় পৌঁছলে বিজয় চন্দ্র হঠাৎ নৌকা থেকে নদীতে পড়ে যান। এ সময় তিনি সাঁতরে তীরে ওঠার চেষ্টা করলে নদীপাড়ের ঝোপঝাড়ের কাছে গিয়ে হঠাৎ পানিতে ডুবে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।
স্থানীয় বাসিন্দা জুবায়ের শিকদার বলেন, ফায়ার সার্ভিস, থানা-পুলিশ ও স্থানীয় প্রশাসন বুধবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন। টাঙ্গাইল থেকে একজন মাত্র ডুবুরি এসে উদ্ধার অভিযান পরিচালনা করছেন। তিনি শঙ্কা প্রকাশ করে বলেন— একজনের পক্ষে এই অভিযান শেষ করা খুব কষ্টকর হবে। ডুবুরির সংখ্যা বেশি হলে দ্রুত ছেলেটিকে খোঁজে পাওয়া যেত।
সখীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার সবুজ হোসেন বলেন, আমাদের এখানে ডুবুরি ইউনিট নেই। এ কারণে টাঙ্গাইল থেকে ডুবুরি এসে উদ্ধার অভিযান পরিচালনা করছে। সখীপুর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযানের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে।