শ্রীমঙ্গলের সময়

পাবনা-ঢাকা রুটে নতুন দুই ট্রেনের টিকিট বিক্রি শুরু, মিলবে যেভাবে

জাতীয় · 2026-11-11T11:11:00.000000Z · ডেস্ক রিপোর্ট

পাবনা-ঢাকা রুটে চালু হতে যাওয়া পাবনা প্রভাতী এক্সপ্রেস ও পাবনা গোধূলি এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু হবে ১২ নভেম্বর থেকে। প্রথম দফায় ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার টিকিট অনলাইনে পাওয়া যাবে। তবে উদ্বোধনী বিশেষ ট্রেনের টিকিট সংগ্রহ করতে হবে স্টেশন কাউন্টার থেকে।

পাবনা-ঢাকা রুটে নতুন চালু হতে যাওয়া দুই আন্তনগর ট্রেন পাবনা প্রভাতী এক্সপ্রেস ও পাবনা গোধূলি এক্সপ্রেসের অনলাইন টিকিট বিক্রি শুরু হচ্ছে ১২ নভেম্বর থেকে। আগামী ১৯ নভেম্বর ট্রেন দুটি উদ্বোধন করা হবে। এর পরদিন, ২০ নভেম্বর থেকে শুরু হবে নিয়মিত বাণিজ্যিক চলাচল।

বাংলাদেশ রেলওয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১২ নভেম্বর সকাল ৮টা থেকে ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার টিকিট অনলাইনে কেনা যাবে। পরবর্তী সময়ে প্রতিটি যাত্রার টিকিট নির্ধারিত নিয়মে যাত্রার ১০ দিন আগে অনলাইনে বিক্রি করা হবে।

তবে ১৯ নভেম্বরের উদ্বোধনী বিশেষ ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে না। ওই দিন বিকেল ৪টা ৩০ মিনিটে পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে বিশেষ ট্রেনটি। এর টিকিট পাবনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে কম্পিউটারাইজড পদ্ধতিতে সংগ্রহ করতে হবে।

উদ্বোধনী যাত্রায় ট্রেনটি পাবনা থেকে ঢাকা পর্যন্ত শুধু ঈশ্বরদী স্টেশনে বিরতি দেবে। তবে ২০ নভেম্বর থেকে নিয়মিত চলাচলের সময় নির্ধারিত স্টেশনগুলোতে যাত্রাবিরতি করবে ট্রেন দুটি।

রেলওয়ের সময়সূচি অনুযায়ী, ২০ নভেম্বর থেকে পাবনা গোধূলি এক্সপ্রেস ঢাকা থেকে পাবনার উদ্দেশে বেলা ৩টা ২৫ মিনিটে ছেড়ে যাবে। অন্যদিকে পাবনা প্রভাতী এক্সপ্রেস পাবনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে সকাল ৮টায়।

নিয়মিত চলাচলের সময় ঢাকা-পাবনা রুটে ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে।

নতুন দুই ট্রেন চালু হলে পাবনা ও ঢাকার মধ্যে রেল যোগাযোগের সুযোগ বাড়বে। বিশেষ করে সরাসরি আন্তনগর ট্রেনসেবা চালুর ফলে এ রুটের যাত্রীদের যাতায়াত আরও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত