শ্রীমঙ্গলের সময়

নান্দাইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যুৎ প্রভাবশালীদের ব্যক্তিগত প্রতিষ্ঠানে! পানি ও কক্ষেরও ব্যক্তিগত ব্যবহার, মাসোহারা নেয় প্রধান শিক্ষক

সারাদেশ · 2026-11-12T05:30:53.000000Z · ফরিদ মিয়া

ময়মনসিংহের নান্দাইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে পাশের দুটি মাদ্রাসা ও এক শিক্ষকের বাসায় বিদ্যুৎ সরবরাহের অভিযোগ উঠেছে। শুধু বিদ্যুৎ নয়, বিদ্যালয়ের সরকারি পানির পাম্পের পানি ব্যক্তিগত কৃষিকাজে ব্যবহার এবং একটি কক্ষ প্রভাবশালী ব্যক্তির গোডাউন হিসেবে ব্যবহারের অভিযোগও পাওয়া গেছে। এসব সুযোগ-সুবিধা ব্যবহারের বিনিময়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসিক অর্থ গ্রহণ করেন বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।
উপজেলার মুশুল্লী ইউনিয়নের ১৭৮ নং চরপাড়া ঘামউজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিন পরিদর্শনে বিদ্যুৎ সংযোগ, পানির পাম্প ও কক্ষের এমন ব্যবহারের চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের বিদ্যুৎ মিটার থেকে সংযোগ টেনে পাশের দারুস সুন্নাহ গিয়াস উদ্দিন হাফিজিয়া মাদ্রাসা ও কওমি মহিলা মাদ্রাসায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। একই সংযোগ ব্যবহার করে মাদ্রাসার একজন শিক্ষকের বাসায়ও বিদ্যুৎ নেওয়া হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ থেকে এসব প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারের বৈধ অনুমোদন রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ বিলের অর্থ কে পরিশোধ করছেন, সেটিও স্পষ্ট নয়।
অন্যদিকে, বিদ্যালয়ের সরকারি পানির পাম্প থেকে সংযোগ নিয়ে স্থানীয় মৃত গিয়াস উদ্দিনের ছেলে জুয়েল ব্যক্তিগত কৃষিকাজে পানি ব্যবহার করছেন বলে দেখা গেছে। সরকারি অর্থে স্থাপিত পানির পাম্প ব্যক্তিগত কাজে ব্যবহারের বিষয়টিও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।
এ ছাড়া বিদ্যালয়ের একটি কক্ষ শিক্ষার্থীদের পাঠদান কিংবা শিক্ষা-সংশ্লিষ্ট কাজে ব্যবহার না করে প্রভাবশালী জুয়েল মিয়া গোডাউন হিসেবে ব্যবহার করছেন বলে অভিযোগ রয়েছে। এতে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সরকারি সম্পদের যথাযথ ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয় কয়েকজনের অভিযোগ, বিদ্যালয়ের বিদ্যুৎ, পানি ও কক্ষ ব্যবহারের সুযোগ দেওয়ার বিনিময়ে প্রধান শিক্ষক দ্বীন মোহাম্মদ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে মাসিক অর্থ গ্রহণ করেন। তবে এ অর্থ লেনদেনের অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো নথিপত্র বা প্রমাণ পাওয়া যায়নি।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যুৎ, পানি ও অবকাঠামো মূলত শিক্ষার্থীদের পাঠদান এবং বিদ্যালয়ের নিজস্ব প্রয়োজনে ব্যবহারের জন্য বরাদ্দ। অথচ এসব সরকারি সুবিধা ব্যক্তিগত ও বাণিজ্যিক প্রয়োজনে ব্যবহারের অভিযোগ উঠায় বিদ্যালয়টির ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এলাকাবাসী অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগের হিসাব যাচাই, পানির পাম্পের ব্যবহার এবং কক্ষটি উদ্ধারে সংশ্লিষ্ট শিক্ষা ও প্রশাসনিক কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বীন মোহাম্মদ বলেন, আজই বিদ্যুতের লাইন কেটে সরিয়ে নেব। তবে পানি ও বিদ্যালয়ের কক্ষ ব্যবহারের অভিযোগ এবং মাসিক অর্থ গ্রহণের বিষয়ে জানতে চাইলে তিনি অস্বীকার করে বিষয়টি এড়িয়ে যান।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত