বাংলাদেশে নিজস্ব নেটওয়ার্ক স্থাপনে বিটিআরসির অনুমতি চাইল মেটা
জাতীয় · 2026-11-29T14:39:00.000000Z · ডেস্ক রিপোর্ট
বাংলাদেশে নিজস্ব এজ নেটওয়ার্ক অবকাঠামো স্থাপন ও পরিচালনার জন্য বিটিআরসির কাছে আনুষ্ঠানিক লিখিত অনুমোদন চেয়েছে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। অনুমতি পেলে স্থানীয়ভাবে কনটেন্ট সরবরাহের গতি বাড়ানো, ল্যাটেন্সি কমানো এবং ইন্টারনেট সংযোগের স্থিতিশীলতা উন্নত করার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশে নিজস্ব নেটওয়ার্ক অবকাঠামো স্থাপন ও পরিচালনার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে আনুষ্ঠানিক লিখিত অনুমোদন চেয়েছে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। স্থানীয় অংশীদারদের মাধ্যমে এজ নেটওয়ার্কের পয়েন্ট অব প্রেজেন্স (পিওপি) স্থাপনের পরিকল্পনা নিয়ে নিয়ন্ত্রক সংস্থার কাছে তিনটি বিষয়ে স্পষ্টতা ও নিশ্চয়তা চেয়েছে প্রতিষ্ঠানটি।
এজ নেটওয়ার্ক সার্ভিসেস লিমিটেডের মাধ্যমে মেটার পক্ষে বিটিআরসি চেয়ারম্যানের কাছে আবেদনটি জমা দেওয়া হয়েছে। এতে ২০২৬ সালের ১৩ আগস্ট বিটিআরসির সঙ্গে অনুষ্ঠিত একটি বৈঠকের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। মেটার দাবি, ওই বৈঠকে কমিশন জানিয়েছিল, স্থানীয় অংশীদারদের মাধ্যমে প্রস্তাবিত পিওপি স্থাপনে প্রচলিত কোনো টেলিযোগাযোগ লাইসেন্সের প্রয়োজন নেই।
তবে অবকাঠামো স্থাপনে বড় অঙ্কের বিনিয়োগের আগে এ বিষয়ে আনুষ্ঠানিক ও আইনগতভাবে নির্ভরযোগ্য লিখিত নিশ্চয়তা চায় মেটা। প্রথমত, প্রচলিত টেলিকম লাইসেন্স ছাড়াই স্থানীয় ডেটা সেন্টার বা তৃতীয় পক্ষের সুবিধাকেন্দ্রে পিওপি সরঞ্জাম স্থাপন, মালিকানা, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের অনুমতি চেয়েছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে নিজস্ব ট্রাফিক বহনের জন্য আন্তর্জাতিক ব্যাকবোন অবকাঠামোর সঙ্গে পিওপির সংযোগ স্থাপনের বিষয়েও নিশ্চয়তা চাওয়া হয়েছে।
দ্বিতীয়ত, সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন, আন্তসীমান্ত টেরেস্ট্রিয়াল ব্যাকবোন এবং স্থানীয় বা আন্তর্জাতিক ব্যাকহলের সঙ্গে বাংলাদেশের পিওপিগুলো সংযুক্ত করতে পৃথক আন্তঃসংযোগ লাইসেন্স বা অতিরিক্ত অনুমোদন প্রয়োজন হবে না—এমন নিশ্চয়তা চেয়েছে মেটা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই সংযোগ শুধু তাদের নিজস্ব কনটেন্ট ও সেবা পরিবহনে ব্যবহার করা হবে; তৃতীয় পক্ষকে জনসাধারণের জন্য টেলিযোগাযোগ সেবা দেওয়ার উদ্দেশ্যে নয়।
তৃতীয়ত, স্থানীয় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে, মোবাইল অপারেটরসহ অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে নিষ্পত্তিমুক্ত বা শূন্য খরচের পিয়ারিং ও আন্তঃসংযোগ চুক্তি করার স্বাধীনতা চেয়েছে মেটা। এ ক্ষেত্রে আলাদা লাইসেন্স, অনুমতিপত্র, নিয়ন্ত্রক ফি কিংবা চুক্তি নিবন্ধনের বাধ্যবাধকতা থাকবে না—এমন স্পষ্টতাও চেয়েছে প্রতিষ্ঠানটি।
ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির নেতারাও মেটার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। সংগঠনটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম সিদ্দিকী বলেন, অনুমোদনের ক্ষেত্রে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়া অনুসরণ করা উচিত। এতে স্থানীয় প্রকৌশলী, ডেটা সেন্টার ও সংযোগ খাতের সক্ষমতা বাড়ার পাশাপাশি সরকারি রাজস্ব বৃদ্ধির সুযোগ তৈরি হতে পারে।
আইএসপিএবির মহাসচিব নাজমুল করিম ভূঁইয়া বলেন, মেটা অনুমতি পেলে বাংলাদেশের ইন্টারনেটের গতি বাড়বে এবং নিরবচ্ছিন্ন সংযোগের ফলে ব্যবসা-বাণিজ্য উপকৃত হবে।
বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির ডিজিএম ও অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী মো. আরিফুল হকও উদ্যোগটিকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন। তাঁর মতে, এতে গুগল ও আকামাইয়ের মতো অন্যান্য বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানও বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী হতে পারে। তবে অনুমোদনের ক্ষেত্রে জাতীয় স্বার্থ, নেটওয়ার্ক নিরাপত্তা, সুষ্ঠু প্রতিযোগিতা এবং স্থানীয় লাইসেন্সপ্রাপ্ত অপারেটরদের ভূমিকা নিশ্চিত করতে হবে।
টেলিকম নীতি বিশ্লেষকদের মতে, মেটার প্রস্তাব বিবেচনার পাশাপাশি স্থানীয় আইএসপি, আন্তর্জাতিক গেটওয়ে ও ব্যান্ডউইথ খাতের বাণিজ্যিক ভারসাম্যের বিষয়টিও মূল্যায়ন করা জরুরি। ডেটা স্থানীয়করণ, সাইবার নিরাপত্তা, আইন প্রয়োগকারী সংস্থার প্রয়োজনীয় আইনি কাঠামো এবং ডিজিটাল সার্বভৌমত্ব নিশ্চিত করে সুস্পষ্ট নীতিমালা তৈরি করা প্রয়োজন। সূত্র:প্রথম আলো।