প্রতি ইউনিয়নে গ্রাম পুলিশ সড়ক, লাগাতে হবে ১ হাজার গাছ
জাতীয় · 2026-11-09T03:14:00.000000Z · ডেস্ক রিপোর্ট
দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে রাস্তার নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে প্রতিটি সড়কে কমপক্ষে এক হাজার গাছ লাগিয়ে সামাজিক বনায়ন কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। এ বনায়ন থেকে অর্জিত লভ্যাংশের অর্ধেক পাবেন সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা। বাকি অর্ধেক জমা হবে ইউনিয়ন পরিষদের তহবিলে।
দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে রাস্তার নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে ওই সড়কে কমপক্ষে এক হাজার গাছ লাগিয়ে ‘গ্রাম পুলিশ সামাজিক বনায়ন’ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। সামাজিক বনায়ন থেকে অর্জিত লভ্যাংশের ৫০ শতাংশ সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিতরণ করা হবে। বাকি ৫০ শতাংশ জমা হবে ইউনিয়ন পরিষদের তহবিলে।
রোববার (৮ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। নির্দেশনায় প্রতিটি ইউনিয়নের একটি প্রধান বা উপযুক্ত রাস্তা নির্বাচন করে সেটিকে ‘গ্রাম পুলিশ সড়ক’ হিসেবে নামকরণের কথা বলা হয়েছে।
নির্বাচিত সড়কে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের মাধ্যমে অন্তত এক হাজার গাছ লাগাতে হবে। এরপর গাছের পরিচর্যা ও প্রয়োজনীয় ব্যবস্থাপনার মাধ্যমে সেখানে সামাজিক বনায়ন গড়ে তুলতে হবে। এ কর্মসূচির মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যদের অবদানের স্বীকৃতির পাশাপাশি তাঁদের আর্থিক সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, গ্রামীণ জনপদে দিনরাত আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম পুলিশ সদস্যরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। তাঁদের অবদান স্মরণীয় রাখা এবং কাজের দৃশ্যমান রাষ্ট্রীয় ও সামাজিক স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ অবস্থায় উপজেলার আওতাধীন প্রতিটি ইউনিয়নে অগ্রাধিকার ভিত্তিতে একটি রাস্তা ‘গ্রাম পুলিশ সড়ক’ হিসেবে নির্ধারণ করতে ইউএনওদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ‘গ্রাম পুলিশ সামাজিক বনায়ন’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করে স্থানীয় সরকার বিভাগকে অবহিত করতে বলা হয়েছে।
এর আগে শনিবার (৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি ইউনিয়নের একটি দীর্ঘ সড়ক গ্রাম পুলিশের নামে করার ঘোষণা দেন। ওই সড়কের দুই পাশে গাছ লাগিয়ে সামাজিক বনায়ন গড়ে তোলার কথাও জানান তিনি। গাছ বিক্রি করে পাওয়া অর্থ সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিতরণের ঘোষণাও দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর ঘোষণার পরদিনই এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা জারি করল স্থানীয় সরকার বিভাগ। এর ফলে গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সামাজিক বনায়নের মাধ্যমে তাঁদের জন্য দীর্ঘমেয়াদি আর্থিক সুবিধা তৈরির উদ্যোগ নেওয়া হলো।
স্থানীয় সরকার বিভাগের আশা, এ কর্মসূচি বাস্তবায়িত হলে গ্রামীণ শান্তিশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত গ্রাম পুলিশ সদস্যরা রাষ্ট্রীয় ও সামাজিক স্বীকৃতির পাশাপাশি আর্থিকভাবেও লাভবান হবেন। একই সঙ্গে ইউনিয়ন পর্যায়ে বৃক্ষরোপণ ও সবুজায়ন কার্যক্রম সম্প্রসারিত হবে।