এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা কবে, জানাল বোর্ড
শিক্ষা · 2026-11-02T14:21:00.000000Z · ডেস্ক রিপোর্ট
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর পরীক্ষা শুরু করে ৩১ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। তবে পরীক্ষার তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর পরীক্ষা শুরু করে ৩১ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করা হতে পারে।
সোমবার (২ নভেম্বর) বিকেলে শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
তিনি বলেন, আগামীকাল সম্পূরক পরীক্ষার তারিখ চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ৪ নভেম্বর বোর্ডের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনাও রয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এর আগে গত ৩১ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা আয়োজনের পরিকল্পনার কথা জানান। শিক্ষার্থীদের একটি শিক্ষাবর্ষ নষ্ট হওয়া ঠেকাতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী।
পরীক্ষা আয়োজনের প্রাথমিক পরিকল্পনা থাকলেও চূড়ান্ত তারিখ, পরীক্ষার নিয়ম ও অন্যান্য বিস্তারিত নির্দেশনা বোর্ডের বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।