শ্রীমঙ্গলের সময়

গৌরীপুরে জলপাইয়ের বাম্পার ফলন, দাম কমে হতাশ কৃষক

অর্থনীতি · 2026-11-28T10:39:04.000000Z · স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের গৌরীপুরে এ বছর জলপাইয়ের বাম্পার ফলন হয়েছে। তবে উৎপাদন বাড়লেও বাজারে চাহিদা কম থাকায় ন্যায্যমূল্য পাচ্ছেন না কৃষকরা। প্রতি কেজি জলপাই বিক্রি হচ্ছে মাত্র ৫ থেকে ৮ টাকায়। এতে ভালো ফলনেও কৃষকের মুখে হাসি নেই। একই সঙ্গে লোকসানের আশঙ্কায় পুঁজি হারানোর শঙ্কায় রয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

টক-মিষ্টি স্বাদের জলপাইয়ের জন্য পরিচিত গৌরীপুর। প্রতিবছর মৌসুমের শুরুতেই দেশীয় বিভিন্ন আচার কোম্পানি আগাম জলপাই কিনে নেয়। সিলেটের ব্যবসায়ীরাও জলপাই প্রক্রিয়াজাত করে লন্ডন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে রপ্তানি করতেন। কিন্তু এবার এসব কোম্পানি ও ব্যবসায়ী জলপাই কেনা কমিয়ে দিয়েছেন। ফলে স্থানীয় বাজারে দরপতন দেখা দিয়েছে।

উপজেলার ২ নম্বর গৌরীপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের আবুবক্কর সিদ্দিক জানান, তাঁর তিনটি গাছ থেকে সাত মণ জলপাই উৎপাদন হয়েছে। বাজারে এনে তা বিক্রি করেছেন ১ হাজার ৬৮০ টাকায়। জলপাই সংগ্রহে শ্রমিকের মজুরি দিতে হয়েছে ৪০০ টাকা এবং রিকশাভাড়া ১৫০ টাকা। অথচ গত বছর গাছের নিচ থেকেই প্রতি কেজি জলপাই ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি করেছেন। গতবার স্থানীয় পাইকাররা গাছ থেকেই জলপাই কিনে নিলেও এবার তারা আগ্রহ দেখাচ্ছেন না।

মাওহা ইউনিয়নের বীর আহম্মদপুর গ্রামের ফজলুল হক জানান, তিনি প্রতি কেজি জলপাই ৮ টাকা দরে বিক্রি করেছেন। সাতুতী গ্রামের আবুল হাসিম বিক্রি করেছেন ৫ টাকা কেজি দরে। একই গ্রামের আজিজুর রহমান ১২৫ কেজি জলপাই বিক্রি করেছেন মাত্র ৭০০ টাকায়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. এহসানুল হক জানান, জলপাইয়ের খোসায় প্রচুর আঁশ রয়েছে, যা খাবার হজমে সহায়তা করে। প্রতি ১০০ গ্রাম জলপাইয়ে ৭০ কিলোক্যালরি খাদ্যশক্তি, ৯ দশমিক ৭ গ্রাম শর্করা, ৫৯ মিলিগ্রাম ক্যালসিয়াম ও ১৩ মিলিগ্রাম ভিটামিন-সি রয়েছে।

উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কাওছার আহম্মদ খান জানান, উপজেলায় প্রায় ২১০ একর জমিতে জলপাইয়ের বাগান রয়েছে। গাছের সংখ্যা প্রায় ৩৭ হাজার। প্রতিটি গাছে গড়ে ২০০ কেজি করে জলপাই উৎপাদন হলে এ মৌসুমে মোট উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৭ হাজার ৪০০ টন।

ঈশ্বরগঞ্জ উপজেলার মৃত গোলাম হোসেন মেম্বারের ছেলে মো. শহিদুল ইসলাম ৩৮ বছর ধরে জলপাইয়ের ব্যবসা করছেন। তিনি বলেন, এ বছর জলপাইয়ের দাম অনেক কম। বাজারে চাহিদা না থাকায় ৬ থেকে ১০ টাকা কেজি দরে জলপাই কিনতে হচ্ছে। তেলের দাম বাড়ায় পরিবহন খরচ ও শ্রমিকের মজুরিও বেড়েছে। ১৬ দিনে সিলেটে জলপাই পাঠিয়ে এবার ৭৭ হাজার টাকা লোকসান হয়েছে। মৌসুমের শুরুতে কিছু জলপাইগাছ কিনেছিলেন। সেগুলো বিক্রি করতে না পারলে তাঁর পুরো পুঁজি শেষ হয়ে যাবে।

বোকাইনগর ইউনিয়নের মামুদনগরের জহুর আলীর ছেলে আব্দুল আলী জানান, তাঁর জলপাই ব্যবসার বয়স অর্ধশত বছর পেরিয়েছে। কিন্তু এ বছর গাছে এত জলপাই আগে কখনো দেখেননি। অথচ বাজারে দাম নেই।

ঈশ্বরগঞ্জের ব্যবসায়ী মৃত হাফিজ উদ্দিনের ছেলে নুরুল হক জানান, বর্তমানে আড়তে প্রতি কেজি জলপাই ১০ থেকে ১২ টাকা দরে বিক্রি হচ্ছে। এতে এবার ব্যবসায়ীদের পুঁজি ধরে রাখা কঠিন হয়ে পড়বে।

একই উপজেলার চরহোসেনপুরের মতিউর রহমানের ছেলে ইসমাহিল হোসেন জানান, প্রতিদিন সিলেট ও চট্টগ্রামে জলপাই পাঠাচ্ছেন। কিছু জলপাই ঢাকাতেও যাচ্ছে। আগে সিলেটের বিভিন্ন আচার কোম্পানি জলপাই কিনে প্রক্রিয়াজাত করে মালয়েশিয়া ও লন্ডনে রপ্তানি করত। এবার তারা জলপাই না কেনায় বাজারে ধস নেমেছে।

এদিকে গৌরীপুর মধ্যবাজারের খুচরা বিক্রেতা ফজলুল হক জানান, তিনি প্রতি কেজি জলপাই ১৫ টাকা দরে কিনে ৩০ থেকে ৪০ টাকা দরে বিক্রি করছেন। কাঁচামাল দ্রুত নষ্ট হয়ে যাওয়ায় অর্ধেক লাভেই বিক্রি করতে হচ্ছে।

উত্তর বাজারের বিক্রেতা আজিজুল হক বলেন, আধা কেজি জলপাই কিনেছেন ২০ টাকায়। অথচ কৃষক পেয়েছেন মাত্র ৪ থেকে ৫ টাকা। তাঁর অভিযোগ, উৎপাদক ও ভোক্তার মাঝখানে থাকা ব্যবসায়ীরাই বেশি লাভ করছেন।

গোলকপুর গ্রামের রেজিয়া খাতুন জানান, জলপাইয়ের আচার বেশ সুস্বাদু। তিনি ১৫০ টাকায় ৫ কেজি জলপাই কিনেছেন।

পৌর শহরের অন্যতম আড়তদার আলতাব হোসেন খান বলেন, পরিবহন খরচ ও বাজারে অন্যান্য পণ্যের দাম বাড়লেও জলপাইয়ের দাম কমছে। এতে এ বছর ব্যবসায়ীদের পুঁজি হারানোর আশঙ্কা রয়েছে।

জলপাই শুধু সুস্বাদু ফলই নয়, পুষ্টিগুণেও সমৃদ্ধ। এতে আঁশ, ভিটামিন ও বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। জলপাই ও জলপাইয়ের তেল খাদ্যাভ্যাসের অংশ হিসেবে হৃদ্‌স্বাস্থ্য, ত্বক ও চুলের যত্নে ভূমিকা রাখতে পারে। এ ছাড়া এতে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান শরীরের স্বাভাবিক কার্যক্রমে সহায়তা করে।

তবে কৃষক ও ব্যবসায়ীদের দাবি, উৎপাদন বাড়লেও বাজারজাতকরণ ও প্রক্রিয়াজাতকরণের কার্যকর ব্যবস্থা না থাকায় তাঁরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। জলপাই সংরক্ষণ, আচার উৎপাদন ও রপ্তানির বাজার সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হলে কৃষক ও ব্যবসায়ীদের লোকসান কমানো সম্ভব হবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত