শ্রীমঙ্গলের সময়

জামালপুরে সেতু উন্নয়ন ও প্রশস্থ করার দাবিতে মানববন্ধন

সারাদেশ · 2026-11-28T10:42:46.000000Z · স্টাফ রিপোর্টার

জামালপুরের সরিষাবাড়ীতে সেতু উন্নয়ন ও প্রশস্থ করার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১২টার দিকে উপজেলার ভাটারা ইউনিয়নের পাখাডুবি সেতুর কাছে এ কর্মসূচি পালন করেন পাখাডুবি, কলারছড়া, কৃষ্ণপুর ও হরিপুর গ্রামের সর্বস্তরের মানুষ।

এসময় স্থানীয় বাসিন্দারা বক্তব্য রাখেন।

বক্তারা জানান- পাখাডুবি সেতু দিয়ে প্রতিদিন প্রায় ৫০ হাজার মানুষ যাতায়াত করেন। কিন্তু সেতুটি সরু হওয়ায় বড় যানবাহন চলাচল করতে পারে না। বিশেষ করে কোনো রোগীকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলে অ্যাম্বুলেন্স সেতু পর্যন্ত পৌঁছাতে পারে না। একইভাবে এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে না পারায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।

স্থানীয় বাসিন্দা এডভোকেট আজিমুল ইসলাম বলেন, “এই সেতু দিয়ে চার গ্রামের হাজার হাজার মানুষ চলাচল করেন। কিন্তু সেতুটি এতটাই সরু যে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি আসতে পারে না। কেউ অসুস্থ হলে কিংবা এলাকায় আগুন লাগলে আমাদের চরম বিপদে পড়তে হয়। আমরা দ্রুত সেতুটি প্রশস্ত করার দাবি জানাচ্ছি।”

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, “দীর্ঘদিন ধরে আমরা এই সমস্যায় ভুগছি। বারবার দাবি জানিয়েও কোনো সমাধান পাচ্ছি না। প্রায় এক কোটি টাকার অগ্নিকাণ্ডের ক্ষতির পরও যদি কর্তৃপক্ষের টনক না নড়ে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? চার গ্রামের মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত পাখাডুবি সেতু প্রশস্ত করার দাবি জানাই।”

মানববন্ধনে বক্তাদের অভিযোগ -দীর্ঘদিন ধরে সেতুটি প্রশস্ত করার দাবি জানিয়ে আসলেও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহন করেনি কর্তৃপক্ষ। তাই চার গ্রামের মানুষের যাতায়াত ও জরুরি সেবা নিশ্চিত করতে দ্রুত সেতুটি প্রশস্ত করার দাবি জানান তাঁরা। অন্যথায় কঠোর আন্দোলনে যাবার হুশিয়ারি দেন বক্তারা।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত