অসুস্থ মা'কে দেখতে এসে ভূঞাপুরে গার্মেন্টস ব্যবসায়ী গ্রেফতার
সারাদেশ · 2026-11-28T09:25:35.000000Z · স্টাফ রিপোর্টার
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে এক গার্মেন্টস ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ।শুক্রবার (২৭ নভেম্বর) গভীর রাতে তার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম রেজাউল করিম।
গ্রেফতার হওয়া শাহালম উপজেলার কুতুবপুর গ্রামের মৃত আমীর আলীর ছেলে।
জানা যায়, গার্মেন্টস ব্যবসায়ী শাহালম ঢাকায় ব্যবসা করেন। ২৭ নভেম্বর দুপুরে মায়ের অসুস্থতার খবরে মাকে দেখতে আসেন শাহালম। পরে মায়ের জন্য গিজার লাগিয়ে দেবেন বলে মায়ের কাছেই থেকে যান। গভীর রাতে দরজায় কড়া নাড়েন ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম রেজাউল করিম। ভদ্রতার খাতিরেই তিনি বাসার দরজা খুলে দেন এবং বাইরে বেরিয়ে আসেন। পরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে থানা পুলিশ।
এলাকাবাসী জানান, শাহালম নিজ গ্রামের এতিম বাচ্চাদের দেখাশোনা করেন এবং ১৫ থেকে ২০ জন কোরআনের হাফেজের খরচ চালান। গ্রামের সার্বিক উন্নয়নেও তার ভূমিকা প্রশংসনীয়। কুতুবপুর জামে মসজিদের সাধারণ সম্পাদক শাহালম। তার উদ্যোগেই সেখানে নতুন মসজিদ তৈরি হয়েছে। তারা জানান, তার নামে কোনো অভিযোগ নেই, কোনো মামলা নেই। তবুও গ্রেফতার হওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
শাহালমের পরিবার জানায়, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন এবং কোনো মিছিল-মিটিংয়ে অংশগ্রহণ করেননি। তিনি গ্রামের কুচক্রী মহলের প্রতি হিংসার শিকার।
এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম রেজাউল করিম জানান, তাকে রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়েছে। রাজনৈতিক কোনো পদ-পদবি আছে কি না জানতে চাইলে তিনি জানান, শাহালম রাজনৈতিক দলের অর্থের জোগানদাতা।
একই দিনে উপজেলার ছাব্বিশা গ্রামের মৃত তাহসেন আলীর ছেলে আবুল কালাম আজাদ ( ছানা) কে গ্রেফতার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়।