শ্রীমঙ্গলের সময়

পাকিস্তানে এমবিবিএস-বিডিএস পড়ার সুযোগ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরা

জাতীয় · 2026-11-09T09:54:00.000000Z · ডেস্ক রিপোর্ট

পাকিস্তান টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের (PTAP) আওতায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দেশটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এমবিবিএস ও বিডিএস পড়ার সুযোগ ঘোষণা করেছে পাকিস্তান। আগ্রহী শিক্ষার্থীদের আবেদন ১৬ নভেম্বর ২০২৬-এর মধ্যে জমা দিতে হবে।

বিদেশে চিকিৎসাশাস্ত্র পড়তে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুযোগ দিচ্ছে পাকিস্তান। দেশটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পাকিস্তান টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের (PTAP) আওতায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস প্রোগ্রামে ভর্তির জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

ঢাকায় পাকিস্তান হাইকমিশনের ২৭ অক্টোবর ২০২৬ তারিখের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এতে এমবিবিএস প্রোগ্রামে ২০টি এবং বিডিএস প্রোগ্রামে পাঁচটি আসনের কথা উল্লেখ রয়েছে।

আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসএসসি) বা সমমান। বিজ্ঞান বিভাগে রসায়ন ও জীববিজ্ঞান বাধ্যতামূলক বিষয় হিসেবে থাকতে হবে। পাশাপাশি মধ্যবর্তী পরীক্ষায় অন্তত ৬০ শতাংশ নম্বর অর্জনের শর্ত রয়েছে।

ভর্তির জন্য নির্ধারিত পরীক্ষাগুলোর মধ্যে SAT-U, Foreign MCAT, UCAT অথবা MDCAT-এর যেকোনো একটিতে প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করতে হবে। SAT-U পরীক্ষায় প্রতিটি বিষয়ে ন্যূনতম ৫৫০ নম্বর এবং Foreign MCAT ও UCAT-এর ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয়ে অন্তত ৫০ শতাংশ নম্বরের শর্ত উল্লেখ করা হয়েছে।

আবেদনকারীদের বৈধ পাসপোর্ট থাকতে হবে এবং পাকিস্তানে প্রবেশের আগে বৈধ ভিসা বা অন্য আইনসম্মত অভিবাসনসংক্রান্ত অনুমতি নিতে হবে। এ ছাড়া পাকিস্তানের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা এবং অভিবাসনসংক্রান্ত ছাড়পত্রও প্রয়োজন হবে।

শিক্ষাগত সনদ ও ফলাফলের সমমান নির্ধারণ করবে ইসলামাবাদের ইন্টার বোর্ড কমিটি অব চেয়ারম্যানস (আইবিসিসি)। আবেদনকারীদের প্রয়োজনীয় সমমান সনদ সংগ্রহ করে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। এ সনদ ছাড়া কোনো আবেদন বিবেচনা করা হবে না বলে নির্দেশনায় উল্লেখ রয়েছে।

আবেদনপত্র পাকিস্তানের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.ead.gov.pk) থেকে সংগ্রহ করা যাবে। পূরণ করা আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্রসহ চার কপিতে জমা দিতে হবে। এর সঙ্গে শিক্ষাগত সনদ ও নম্বরপত্র, পাসপোর্ট সাইজের সাম্প্রতিক চার কপি ছবি, পাসপোর্টের অনুলিপি এবং আইবিসিসি থেকে নেওয়া সমমান সনদ যুক্ত করতে হবে।

আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র আগামী ১৬ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে ঢাকার গুলশান-২-এ অবস্থিত পাকিস্তান হাইকমিশনে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পর আবেদন গ্রহণ করা হবে না।

নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট সরকার থেকে সুপারিশপ্রাপ্ত হতে হবে এবং চূড়ান্ত যোগ্যতা ও নির্বাচন সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারণ করবে। শিক্ষার্থীদের নির্ধারিত শিক্ষাপ্রতিষ্ঠানের ফি দিতে হবে। যাতায়াত, থাকা ও খাওয়ার খরচও শিক্ষার্থীদের নিজেদের বহন করতে হবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত