প্রতিমন্ত্রী ইকবালকে কুষ্টিয়ায় ঢুকতে না দেয়ার ঘোষণা এমপি আমির হামজার, ভিডিও ভাইরাল
রাজনীতি · 2026-11-09T09:17:06.000000Z · স্টাফ রিপোর্টার
কুষ্টিয়া-৩ (কুষ্টিয়া সদর) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও ইসলামিক বক্তা মুফতি আমির হামজা বর্তমান সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইন কুষ্টিয়া ঢুকতে না দেয়ার ঘোষণা দিয়েছেন। গত ৭ নভেম্বর দিবাগত রাতে ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার সিংহেশ্বে ইউনিয়নের পুড়াপুটিয়া বাবা মায়ের দোয়া মাদ্রাসা ও এতিমখানায় অনুষ্ঠিত ইসলামি মাহফিলে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও ইসলামিক বক্তা মুফতি আমির হামজা এই ঘোষণা দেন।
এসময় তিনি শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ হাফিজিয়া মাদ্রাসার তাফসিরুল কোরআন মাহফিল বন্ধের অভিযোগে বিতর্কিত বক্তব্য দেন। এরপরই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আমির হামজার বক্তব্যটি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এদিকে, আমির হামজার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরদিন ময়মনসিংহের শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ হাফিজিয়া মাদ্রাসার তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজক কমিটি তার মিথ্যা বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান। ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য এবং বর্তমান সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইনকে জড়িয়ে মাহফিল বন্ধের মিথ্যা অভিযোগে বক্তব্য দেওয়ার ঘটনায় এই প্রতিবাদ জানানো হয়। রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় জেলার শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে তাফসিরুল কোরআন মাহফিল স্থগিতের বিষয় সংক্রান্ত এক বিফ্রিং অনুষ্ঠিত হয়।
ব্রিফিংয়ে মাহফিল আয়োজক কমিটির অন্যতম সদস্য হাফেজ মো. সোহেল রানা তার লিখিত বক্তব্যে বলেন, শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ হাফিজিয়া মাদ্রাসার সাবেক ছাত্রদের উদ্যোগে আয়োজিত ৭ম বার্ষিক বিষয়ভিত্তিক তাফসিরুল কোরআন মাহফিলটি গত ৭ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্য কারণবশত মাহফিল বাস্তবায়ন কমিটির সিদ্ধান্তে ওয়াজ মাহফিল সাময়িকভাবে গত ১ নভেম্বর স্থগিত করা হয়। মাহফিলের পরবর্তী তারিখ সিদ্ধান্তক্রমে জানিয়ে দেওয়া হবে, বলে পূর্বে এক লিখিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। আজহারুল ইসলাম নামে একজনের ফেসবুক আইডি থেকে এমপি আমির হামজার ভিডিওটি পোষ্ট করা হয়। এক দিনে ভিডিওতে ৫৮ হাজার ৬ রিঅ্যাক্ট, ১ হাজার ২০০ মন্তব্য ও ৫ হাজারের বেশি শেয়ার হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়া ভিডিওতে এমপি আমির হামজাকে বলতে শুনা যায়, আজকে রাতে (৭ নভেম্বর) আবার মাহফিল ছিল, বন্ধ করে দিয়েছে বিকাল বেলা। বলছে, না, ওনারে (আমির হামজা) আসতে দেওয়া যাবে না। আমার যতটুকু এদিক ওদিক আছে, সব ফাঁস করে দেবে। ফাঁস আমি এমনিতেও ফাঁস করবো।
কালকের দিন পরে সংসদ বসবে, সব বলে দেব। নাম ধরে ধরে বলবেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইনকে উদ্দেশ্য করে জামায়ায়াতের সংসদ সদস্য আমির হামজা বলেন, এই ময়মনসিংহের যে মন্ত্রী, কি যেন নাম? ইকবাল সাহেব, উনি আজকে মাহফিল বন্ধ করে দিয়েছে প্রশাসনকে বলে। প্রশাসনের কোন দোষ নেই। উনিও এমপি, আমিও এমপি। আপনার যদি আসার অধিকার থাকে সারা বাংলাদেশে, আমারও অধিকার আছে। তিনি আরও বলেন, আপনি যদি বিএনপি করেন, দোষ না হয়। তাহলে আমি জামায়াত ইসলাম করলে দোষ হবে কেন, কোন কারণে? ভণ্ডামি করার জায়গা পান না? আমি যদি জামায়াত করতে না পারি, আপনি বিএনপি করতে পারবেন না। আপনি রাজনীতি করবেন আর আমি করব না, আমি কি ভেসে এসেছি? পরশুদিন সংসদ শুরু হবে। দেখেন কি করি, সব বলব। এই সংসদ আমরা মানি না। এই সংসদে থেকে কি করব? দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইনকে কুষ্টিয়ায় ঢুকতে না দেয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন,আপনি আমাকে ৫৬,০০০ বর্গমাইলে বৈধ জায়গায় যেতে দেবেন না, ক্ষমতা খাটাবেন। আপনি কুষ্টিয়া যান তো দেখি।
আপনাকেও কুষ্টিয়ায় ঢুকতে দেব না। ওয়াজ মাহফিল বন্ধের বিষয়ে মিথ্যাচার করে এমপি আমির হামজা বলেন, আপনি যদি ১৫ দিন আগে মানা করে দিতেন, তাহলে তাদের এই দুই তিন লাখ টাকা খরচ হতো না। ত্রাণ প্রতিমন্ত্রীকে আবু জেহেলের সঙ্গে তুলনা করে এমপি আমির হামজা বলেন, এটা (এম ইকবাল হোসাইন) মনে হচ্ছে আবু জেহেলের চেয়েও খারাপ। আবু জেহেলের এত খারাপ ছিল না। আবু জেহেল কোরআন শুনতে বাধা দিত, কিন্তু চুরি করে শুনত। আর এরা শুনেও না, শুনতেও দেয়ও না। আবু জেহেলকে তো দেখিনি। আমার মনে হয় যদি দেখতাম, তো ওই রকমই হত। এখন আবার যেন মনে না করে, যে আমারে আবু জেহেল বলেছ। আবু জেহেলের মত কাজ করলে তো আবু জেহেল বলবই। শ্যামগঞ্জ বাজারে আয়োজক কমিটির সদস্য হাফেজ মো. সোহেল রানা বলেন, মাহফিল স্থগিতের সিদ্ধান্তের সঙ্গে স্থানীয় সংসদ সদস্য কিংবা বিএনপির কোনো নেতৃবৃন্দের কোনো সম্পৃক্ততা নেই। মাহফিল বাস্তবায়ন কমিটির নিজস্ব সিদ্ধান্তের ভিত্তিতেই অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।
গত ১ নভেম্বর মাহফিল বাস্তবায়ন কমিটির সভায় অনুষ্ঠানটি স্থগিতের সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে ২ নভেম্বর লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয় এবং এরপর প্রধান আলোচকের (মুফতি আমির হামজা) পিএসকে মাহফিল স্থগিতের বিষয়টি অবহিত করা হয়। মাহফিল স্থগিতের বিষয়টি নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা অপপ্রচার না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান সংশ্লিষ্টরা। মাহফিলের পরবর্তী তারিখ যথাসময়ে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবেও জানান আয়োজক কমিটি। স্থগিত হওয়া মাহফিলের আমন্ত্রিত প্রধান আলোচক (মুফতি আমির হামজা) গৌরীপুরের সংসদ সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইনকে জড়িয়ে মাহফিল বন্ধের অভিযোগ তুলে যে বক্তব্য দিয়েছেন, তা সঠিক নয়। তিনি (আমির হামজা) কারো দ্বারা বা কোন পক্ষের ইন্ধনে প্রভাবিত হয়ে এই বানোয়াট ও মিথ্যা অভিযোগ করেছেন।
প্রকৃত পক্ষে মাহফিল বাস্তবায়ন কমিটির নিজস্ব সিদ্ধান্তের ভিত্তিতেই অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। মাহফিল আয়োজক কমিটির সদস্য হাফেজ মো. সাইফুল ইসলাম বলেন, একটি দ্বীনি প্রতিষ্ঠানের মাহফিলের সঙ্গে ইঞ্জিনিয়ার ইকবালকে জড়ানো হয়েছে রাজনৈতিক কারণে, বিএনপিকে হেয় করার জন্য। একটি চক্র এই কাজটি করিয়েছে, প্রয়োজনে আমরা আইনের আশ্রয়ে যাবো। এছাড়া ছড়িয়ে পড়া ভিডিওতে আমির হামজা দাবি করেন, যে মাহফিল বন্ধ করার কারণে দুই তিন লাখ টাকা খরচ হয়েছে। তা সম্পুর্ণ মিথ্যা ও বানোয়ায়াট। কারণ, ৭ নভেম্বর ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আমরা ১ নভেম্বর ওয়াজ মাহফিল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। ওয়াজ মাহফিল করার জন্য কোন প্যান্ডেলেও করা হয়নি বলেও জানান তিনি। শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ কমিটির সহসভাপতি বাহার উদ্দিন দুদু বলেন, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন।
মূলত বিএনপি দলকে হেয় জন্যই একটি গুপ্ত দলের এবং গোষ্টির ইন্ধনে পরিকল্পিতভাবে এই মিথ্যাচার করা হয়েছে। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আনিসুজ্জামান আনিস বলেন, ইঞ্জিনিয়ার ইকবাল হোসাইকে মৌখিকভাবে মাহফিলের আমন্ত্রণ দেওয়ার পর তা তিনি সাদরে গ্রহন করেছেন। কিন্তু গুপ্তরা এসব মিধ্যাচার করছে। গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, একটি র্স্পকাতর বিষয় নিয়ে মুফতি আমির হামজা যে বক্তব্য দিয়েছেন ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনকে জড়িয়ে।
এটি সম্পন্ন কাল্পনিক মিথ্যা এবং বানোয়াট অভিযোগ। রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য, বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমির হামজা এধরনের বক্তব্য দিয়েছেন। মূলত মাহফিলটি গত ২ নভেম্বর স্থগিত করেছে আয়োজক কমিটি। উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাবিবুর রহমান বলেন, মাহফিল বন্ধের বিষয়ে রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগটি সঠিক না। মূলত আয়োজন কমিটিই তাদের সিদ্ধান্তে গত ২ নভেম্বর লিখিত বক্তব্যে মাহফিলটি স্থগিত করেছেন, এটিই সত্য।