শ্রীমঙ্গলের সময়

নবীনগরে বিএনপি নেতা আশরাফ হোসেন রাজুর জানাজায় হাজারো মানুষের ঢল

সারাদেশ · 2026-11-28T11:35:00.000000Z · সাধন সাহা জয়


​ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু আর নেই। তাঁর আকস্মিক মৃত্যুতে নবীনগরের রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে জানাজায় অংশ নেন হাজারো মানুষ।​গত শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক সহকর্মী, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।​আজ শনিবার (২৮ নভেম্বর) যোহরের নামাজের পর নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশগ্রহণ করেন।​জানাজাস্থলে মানুষের ঢল নামে। এ সময় অনেককেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তাঁর এমন অকাল চলে যাওয়া ছিল অত্যন্ত বেদনাদায়ক।​নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে মরদেহ তাঁর নিজ গ্রাম কনিকাড়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।​আশরাফ হোসেন রাজুর মৃত্যুতে এ এন টি নিউজ টিভি পরিবারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহলের ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশকারীরা বলেন, আশরাফ হোসেন রাজু ছিলেন একজন সক্রিয় রাজনৈতিক সংগঠক। সাংগঠনিক দক্ষতা, সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক এবং মানুষের প্রতি ভালোবাসার কারণে তিনি নবীনগরে পরিচিতি অর্জন করেছিলেন। তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।​এ এন টি নিউজ টিভি পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।​মহান আল্লাহ রাব্বুল আলামিন মরহুমের জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় শোক সইবার শক্তি দান করুন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত