আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মৌলভীবাজারে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল
সিলেটের খবর · 2026-11-19T12:37:12.000000Z · প্রতিবেদক, মৌলভীবাজার
দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্যকর কর্মকাণ্ডের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে এই কর্মসূচি পালিত হয়।বিকেলে মৌলভীবাজার শহরের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণ থেকে জেলা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে কুসুমবাগ পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে নেতাকর্মীরা সন্ত্রাস ও নৈরাজ্যবিরোধী বিভিন্ন স্লোগান দেন।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান।জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন— জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, মিজানুর রহমান নিজাম, মো. ফখরুল ইসলাম, বকশী মিজবাউর রহমান, হেলু মিয়া, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমদ এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান প্রমুখ।সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। বক্তারা জানান, দেশব্যাপী যেকোনো ধরনের সন্ত্রাস ও সহিংসতা রাজপথে থেকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। পাশাপাশি এলাকার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তারা।কর্মসূচিতে জেলা বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।