শ্রীমঙ্গলের সময়

নড়াইলে বিএনপির মিছিলে হামলায় দুই নেতা নিহত

সারাদেশ · 2026-11-18T16:56:33.000000Z · স্টাফ রিপোর্টার

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের মোটরসাইকেল মিছিলে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় দুই নেতা নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কালিয়া উপজেলা সদরের বেন্দারচর এলাকায় এই রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটে।
নিহতরা হলেন কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক সোহেল রানা এবং উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিন মোল্যা।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বুধবার সন্ধ্যায় কালিয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মোটরসাইকেল মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বেন্দারচর এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত পেছন দিক থেকে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের ওপর আক্রমণ করে।
হামলায় সোহেল রানা ও শাহিন মোল্যাসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই নেতার মৃত্যু হয়।
বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার ও কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইদ্রিস আলী দুই নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত