কমলগঞ্জে পরিবহন শ্রমিক নির্বাচনে প্রতীক বরাদ্দ, সহ-সভাপতি পদে আবুল বাশার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
সিলেটের খবর · 2026-11-19T04:26:09.000000Z · প্রতিবেদক, কমলগঞ্জ
মৌলভীবাজার জেলা অটো, টেম্পু, মিশুক, সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্ট-২৩৫৯)-এর আওতাধীন কমলগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এ নির্বাচনে সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. আবুল বাশারসহ আরও কয়েকজন প্রার্থী।
গত বুধবার (১৮ নভেম্বর) প্রতীক বরাদ্দ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান উপদেষ্টা মো. দুরুদ আহমদ, প্রধান নির্বাচন কমিশনার আবুল হোসেন এবং সদস্য সচিব সৈয়দ জামাল হোসেনসহ নির্বাচন কমিশনের অন্যান্য কর্মকর্তা, সংগঠনের নেতৃবৃন্দ, প্রার্থী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আগামী ২৮ নভেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটকে কেন্দ্র করে পুরো উপজেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং ভোটার ও প্রার্থীরা পুরোদমে প্রচার-প্রচারণায় নেমে পড়েছেন।
শ্রমিকদের মাঝে জনপ্রিয় ও নিষ্ঠাবান নেতা হিসেবে পরিচিত মো. আবুল বাশার সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় উপস্থিত সবাই করতালির মাধ্যমে তাকে অভিনন্দন ও স্বাগত জানান। জানা গেছে, তিনি এর আগে ভানুগাছ গ্রুপ কমিটির প্রধান আহ্বায়ক হিসেবে দুই মেয়াদে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।
নিজের অনুভূতি ও ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে মো. আবুল বাশার বলেন, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি শ্রমিকদের কল্যাণে কাজ করতে চান। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং ইউনিয়নের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন তিনি।
তার সমর্থকেরা জানান, মো. আবুল বাশার একজন সৎ, যোগ্য ও নিষ্ঠাবান সংগঠক। সবসময় শ্রমিকদের সুখে-দুঃখে পাশে ছিলেন এবং ভবিষ্যতেও একইভাবে পাশে থাকবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, কমলগঞ্জ উপজেলায় মোট ৯টি সিএনজি স্ট্যান্ড রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—উপজেলা চৌমুহনী স্ট্যান্ড, ভানুগাছ স্ট্যান্ড, রেল স্ট্যান্ড, আদমপুর, কুরমা, মুন্সীবাজার উত্তর ও মুন্সীবাজার দক্ষিণ স্ট্যান্ড।