নৈরাজ্য রুখতে রাজপথে শ্রীমঙ্গল বিএনপি, শহরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সিলেটের খবর · 2026-11-19T10:43:18.000000Z · প্রতিবেদক, শ্রীমঙ্গল
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর দেশব্যাপী অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য এবং কথিত লকডাউন কর্মসূচি প্রতিরোধে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশাল বিক্ষোভ র্যালি ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শ্রীমঙ্গল উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল ও তাঁতী দলসহ সকল অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।সরেজমিনে দেখা যায়, কর্মসূচির অংশ হিসেবে শহরের শাহী ঈদগাহ এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের স্টেশন রোড, চৌমুহনা চত্বর, হবিগঞ্জ রোড ও মৌলভীবাজার রোডসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় ব্যানার ও ফেস্টুন দেখা যায় এবং পুরো শহর লকডাউন ও নাশকতাবিরোধী স্লোগানে মুখরিত হয়ে ওঠে।র্যালি শেষে রেলওয়ে স্টেশন চত্বরে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। তুহিন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সভাপতি নূরে আলম সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক ইয়াকুব আলী। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা কথিত লকডাউন ও দেশবিরোধী ষড়যন্ত্র শ্রীমঙ্গলের শান্তিপ্রিয় জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। সকাল থেকেই শহরের ব্যবসা-বাণিজ্য, দোকানপাট, অফিস-আদালত ও যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। লকডাউনের নামে কেউ কোনো ধরনের নৈরাজ্য, অগ্নিসংযোগ, ভাঙচুর বা জনদুর্ভোগ সৃষ্টির অপচেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। সাধারণ মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় বিএনপির নেতাকর্মীরা সার্বক্ষণিক রাজপথে সজাগ অবস্থানে রয়েছে বলেও হুঁশিয়ারি দেন তারা।কর্মসূচিতে শ্রীমঙ্গল উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।