শ্রীমঙ্গলের সময়

মহাসড়কে হামলার শঙ্কায় খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

সারাদেশ · 2026-11-18T16:31:46.000000Z · শ্রীমঙ্গলের সময় ডেস্ক


যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে পদ্মা সেতু হয়ে খুলনা থেকে ঢাকাসহ দূরপাল্লার বিভিন্ন রুটে বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর থেকে পরিবহন মালিক ও শ্রমিকদের সিদ্ধান্তে এই রুটে যান চলাচল স্থগিত করা হয়।
সংশ্লিষ্ট পরিবহন খাতের ব্যক্তিরা জানান, গোপালগঞ্জ অংশের মহাসড়কে কয়েকটি স্থানে যানবাহন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে চালক, সহকারী ও যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতি ও জানমালের ঝুঁকি এড়াতে পরিবহন মালিকরা তাৎক্ষণিকভাবে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।
এই সিদ্ধান্তের ফলে পদ্মা সেতু ও গোপালগঞ্জ হয়ে ঢাকামুখী বাসের পাশাপাশি চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, বরিশাল এবং রাজবাড়ীগামী দূরপাল্লার পরিবহন সেবাও বন্ধ রয়েছে।
এদিকে হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। বুধবার বিকেল থেকে খুলনার সোনাডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও নগরীর বিভিন্ন পরিবহন কাউন্টারে গিয়ে দেখা যায়, আগে থেকে টিকিট সংগ্রহ করা অসংখ্য মানুষ পরিবার-পরিজন নিয়ে টার্মিনালে এসে অপেক্ষা করছেন। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেকেই বিকল্প পথে যশোর ও পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট হয়ে অতিরিক্ত খরচে ঢাকায় ফেরার চেষ্টা করছেন।
পরিবহন কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তাজনিত কারণে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনের বেলার যাত্রাগুলোও আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে মহাসড়কের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় বাস চলাচল শুরু করা হবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত