শ্রীমঙ্গলের সময়

ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

সারাদেশ · 2026-11-09T05:18:00.000000Z · ডেস্ক রিপোর্ট

পোশাকশ্রমিকদের চলমান অসন্তোষের প্রেক্ষাপটে শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ৩৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে তাঁরা দায়িত্ব পালন করছেন।

পোশাকশ্রমিকদের চলমান অসন্তোষের প্রেক্ষাপটে শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।

সোমবার (৯ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান শ্রমিক অসন্তোষের কারণে শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

বিজিবির সদস্যরা ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও মিরপুর এলাকায় দায়িত্ব পালন করছেন। নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এলাকাতেও তাঁদের মোতায়েন করা হয়েছে।

এ ছাড়া গাজীপুরের চন্দ্রা, কালিয়াকৈর, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে বিজিবি সদর দপ্তরে মনিটরিং সেল চালু রয়েছে। প্রযুক্তিনির্ভর নজরদারির অংশ হিসেবে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে মাঠপর্যায়ে মোতায়েন করা সদস্যদের কার্যক্রম সমন্বয় করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি ও তৎপরতা অব্যাহত রয়েছে।

শ্রমিক অসন্তোষের মধ্যে শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি। সূত্র: যুগান্তর

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত