মেয়ের খাবার কিনতে গিয়ে লক্ষ্যভ্রষ্ট গুলিতে আহত শিক্ষা কর্মকর্তা
সারাদেশ · 2026-11-08T17:46:00.000000Z · ডেস্ক রিপোর্ট
মেয়ের জন্য খাবার কিনতে বাসা থেকে বের হয়ে দুর্বৃত্তদের ছোড়া লক্ষ্যভ্রষ্ট গুলিতে আহত হয়েছেন মশিউর রহমান (৫৯) নামে এক শিক্ষা কর্মকর্তা। রোববার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে খুলনা নগরীর মিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিয়াপাড়া এলাকার কেন্দ্রীয় জামে মসজিদের পাশে হাসানের চায়ের দোকানের সামনে গুলিবিদ্ধ হন তিনি। আহত মশিউর রহমান রূপসা উপজেলা শিক্ষা অফিসে হিসাবরক্ষক হিসেবে কর্মরত। তাঁর বাবার নাম মোজাম্মেল হক।
মশিউর রহমান জানান, মেয়ের জন্য খাবার কিনতে তিনি মিয়াপাড়া থেকে পিটিআই মোড়ের দিকে যাচ্ছিলেন। পথে হাসানের চায়ের দোকানের সামনে পৌঁছালে তিনজন ব্যক্তিকে দেখতে পান। এ সময় তাঁদের একজন অন্য কাউকে লক্ষ্য করে গুলি ছোড়েন। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তাঁর বাম পাঁজরের নিচে লাগে।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন টাইমস টুডেকে জানান, কারা কী উদ্দেশ্যে গুলি ছুড়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
সূত্র: টাইমস টুডে,