জাতীয় সংসদ ঘুরে দেখল দুর্গাপুরের ৫৭ শিক্ষক-শিক্ষার্থী
রাজনীতি · 2026-11-12T07:59:43.000000Z · স্টাফ রিপোর্টার
জাতীয় সংসদ ভবন পরিদর্শন এবং সংসদের কার্যক্রম সম্পর্কে সরাসরি জানার সুযোগ পেয়েছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতনের ৫৭ শিক্ষক-শিক্ষার্থীর একটি প্রতিনিধিদল।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিনিধিদলের সদস্যরা। এ সময় ডেপুটি স্পিকার শিক্ষক-শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন।
সাক্ষাৎকালে শিক্ষার্থীদের উদ্দেশে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত করতে হবে। শিক্ষার্থীদের মধ্য থেকেই ভবিষ্যতে চিকিৎসক, বিসিএস কর্মকর্তা, প্রকৌশলী, আইনজীবী ও সংসদ সদস্য তৈরি হবে। তাই এখন থেকেই নিয়মিত ও মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে।
তিনি আরও বলেন, ভালো ফলাফলের পাশাপাশি বৃত্তি ও স্কলারশিপ অর্জনের যোগ্যতা তৈরি করতে হবে। মা-বাবার মুখ উজ্জ্বল করার পাশাপাশি দেশের উন্নয়নে ভূমিকা রাখতে অধ্যবসায়, নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে পড়াশোনা করতে হবে। আগামীর মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
জাতীয় সংসদ ভবনের স্থাপত্য ও ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশ জাতীয় সংসদ ভবন দক্ষিণ এশিয়ার অন্যতম নান্দনিক ও আধুনিক স্থাপনা। বিশ্বখ্যাত মার্কিন স্থপতি লুইস আই কান ভবনটির নকশা প্রণয়ন করেন। সংসদ গ্রন্থাগারে শত বছরের পুরোনো বই, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং পাকিস্তান আমলের ঐতিহাসিক দলিল সংরক্ষিত রয়েছে। এসব নথি ও তথ্য ব্যবহার করতে দেশ-বিদেশের গবেষকেরা এখানে আসেন।
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং বহুমুখী প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতে হবে। এ জন্য শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষকদের দায়িত্ব পালন করতে হবে।
সৌজন্য সাক্ষাৎ শেষে শিক্ষক-শিক্ষার্থীরা ডেপুটি স্পিকারের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। সংসদ ভবন পরিদর্শনের সুযোগ করে দেওয়ায় তাঁরা তাঁর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এ সময় প্রতিনিধিদলের সদস্যরা জাতীয় সংসদ ভবন, সংসদ গ্রন্থাগার, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিভিন্ন ভিআইপি কার্যালয় এবং জাতীয় সংসদের অধিবেশন কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পান। ব্যতিক্রমী এ অভিজ্ঞতায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়।
এ সময় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।