দেশব্যাপী নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ
রাজনীতি · 2026-11-10T17:21:00.000000Z · ডেস্ক রিপোর্ট
দেশব্যাপী নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঝালচত্বরে গিয়ে শেষ হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঝালচত্বরে গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সদস্যসচিব রাফিজ আহমেদ, যুগ্ম আহ্বায়ক নূর উদ্দিন, রাকিব হাসান স্বাক্ষর, সাব্বির হোসাইন, আব্দুল্লাহ আল মামুন, তাপস অধিকারী, রিফাত হোসেন, নয়ন হোসেন, আবু সাঈদ রনি, সানভীর অনিক, মোহাম্মদ আলীসহ সংগঠনটির শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা ‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’, ‘শেখ শেখ করিস না, শেখের বেটি আইবো না’, ‘কিসের আবার ডিসেম্বর, লীগ ধইরা জেলে ভর’, ‘শিক্ষা-সন্ত্রাস, একসাথে চলে না’ এবং ‘লীগ পাবি যেখানে, ধোলাই হবে সেখানে’সহ বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভে শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, ছাত্রলীগের নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টির প্রতিবাদে তাঁরা এ মিছিল করেছেন। তাঁর অভিযোগ, গতকাল ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের বহনকারী বাসে পেট্রোল বোমা হামলা চালিয়েছে। সারা দেশে বোমাবাজি ও যানবাহনে অগ্নিসংযোগের প্রতিবাদে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে রাজপথে এসব কর্মকাণ্ডের মোকাবিলা করবে।
তিনি আরও বলেন, ছাত্রদল সব সময় সাধারণ শিক্ষার্থীবান্ধব রাজনীতি করে। নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করাই সংগঠনটির অঙ্গীকার। ক্যাম্পাস ও দেশে ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের কোনো জায়গা হবে না বলেও মন্তব্য করেন তিনি।