ইয়েমেনে তিন মাসে ঘরছাড়া ৩ লাখ ১৩ হাজারের বেশি মানুষ
বিশ্ব · 2026-11-07T14:36:00.000000Z · ডেস্ক রিপোর্ট
যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে গত আগস্টের শুরু থেকে এখন পর্যন্ত ৩ লাখ ১৩ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তাঁদের মধ্যে ৪০ শতাংশেরও বেশি মানুষ দেশটির তায়েজ প্রদেশের বাসিন্দা। ব্যাপক বাস্তুচ্যুতির পাশাপাশি চিকিৎসাসেবার সংকট দেশটির মানবিক পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক কার্যালয় (ওসিএইচএ) এক প্রতিবেদনে বাস্তুচ্যুত মানুষের এই পরিসংখ্যান প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, ইয়েমেনে ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হওয়া মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। বিশেষ করে তায়েজ প্রদেশে পরিস্থিতি বেশি উদ্বেগজনক।
এদিকে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) জানিয়েছে, জ্বালানি ও চিকিৎসাকর্মীর সংকটে তায়েজ শহরের ৮০ শতাংশের বেশি চিকিৎসাকেন্দ্র বন্ধ রয়েছে। ফলে অসুস্থ ও আহত মানুষের প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ মারাত্মকভাবে সীমিত হয়ে পড়েছে।
একদিকে সংঘাত ও নিরাপত্তাহীনতার কারণে বিপুলসংখ্যক মানুষের বাস্তুচ্যুতি, অন্যদিকে চিকিৎসাকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ বাড়ছে। বিশেষ করে নারী, শিশু ও অসুস্থ ব্যক্তিরা প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে রয়েছেন।
জাতিসংঘের সংস্থাগুলোর প্রকাশিত তথ্য অনুযায়ী, বাস্তুচ্যুতি ও স্বাস্থ্যসেবার সংকট একসঙ্গে ইয়েমেনের মানবিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সংকট মোকাবিলায় বাস্তুচ্যুত মানুষের আশ্রয় ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সূত্র: আল জাজিরা,