হোসেনপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪
সারাদেশ · 2026-11-01T06:08:27.000000Z · স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের হোসেনপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের ব্যবহৃত একটি পিকআপও আটক করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) রাতে হোসেনপুর উপজেলার পশ্চিম দ্বীপেশ্বর এলাকায় হোসেনপুর-গফরগাঁও সড়কের একটি সেতুর পূর্ব প্রান্তে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকায় ৮-৯ জনের একটি ডাকাত দল পিকআপ ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়ার নেতৃত্বে একটি দল অভিযান চালায়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে চারজনকে গ্রেপ্তার করা হয়। অন্য সহযোগীরা পালিয়ে যান। তাঁদের ধাওয়া করে হোসেনপুর থেকে ভালুকা থানা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গিয়ে ডাকাত দলের পিকআপটি আটক করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফরিদপুরের সদরপুর উপজেলার চানপুর গ্রামের ইউনুছ খান (৪৫), মানিকগঞ্জের শিবালয় উপজেলার পোরান পয়লা গ্রামের ইউসুফ হোসেন (৩৪), রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাতপুর পশ্চিমপাড়া গ্রামের ওয়াসিম মিয়া (৩৫) এবং বগুড়ার দোনাত উপজেলার আমনগড় গ্রামের আ. মালেক ছালেক (৫০)।
অভিযানে তাঁদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি কিরিচ, একটি চাপাতি, একটি চাকু, একটি সুইচ গিয়ার, একটি রামদা, একটি স্মার্টফোন ও পাঁচটি বাটন ফোন উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. বাহার মিয়া বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য। তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।