কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন
সারাদেশ · 2026-11-01T06:10:42.000000Z · স্টাফ রিপোর্টার
ন্যূনতম মাসিক ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। রোববার (১ নভেম্বর) তৃতীয় দিনের মতো চলা এ আন্দোলনের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। পরে সফিপুর, রতনপুর ও আশপাশের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরাও মহাসড়কের দিকে আসতে থাকেন।
শ্রমিকদের বিক্ষোভ ঘিরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী বিজিবি সদস্যের সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন গাজীপুরের শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন।
তিনি জানান, রোববার থেকে গাজীপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। আপাতত পাঁচ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন অনুযায়ী সদস্য মোতায়েন থাকবে।
শিল্প পুলিশ সুপার আরও জানান, কোনাবাড়ী, সফিপুর, কালিয়াকৈর ও আশপাশের এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।